Published : 23 Jul 2026, 06:45 PM
বেসরকারি সংস্থা ব্র্যাক আয়োজিত মানবপাচার বিষয়ে নিজেদের ভাবনা ও সমাধান নিয়ে রচনা লিখে পুরস্কার পেয়েছেন ৩১ শিক্ষার্থী। প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে সেরা হয়েছে ৬ জন।
সাহিত্যগবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লেখক, গবেষক ও অভিবাসন বিশেষজ্ঞ আফসান চৌধুরী, সাংবাদিক রাজীব নূর এবং কথা সাহিত্যিক কিযী তাহনিন।
ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবপাচার, অভিবাসী চোরাচালান এবং সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ অনিয়মিত অভিবাসন সম্পর্কে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ, নিয়মিত ও বৈধ অভিবাসনের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে এই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘অষ্টম শ্রেণি থেকে কলেজ পর্যায়’ এবং ‘বিশ্ববিদ্যালয় পর্যায়’- এই দুটি বিভাগে প্রতিযোগিতার মূল্যায়ন করা হয়েছে। সারা দেশ থেকে ৮৭০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৈয়দ আজিজুল হক বলেন, “এ দেশে পাচারকারীরা সফল হয়, কারণ আমাদের আর্থিক দারিদ্র্যের চেয়ে শিক্ষার দারিদ্র্য অনেক বেশি। যারা পাচারের শিকার এবং দুর্বিষহ জীবনের মুখোমুখি হচ্ছেন, এটা শুধু তাদের বিষয় নয়, গোটা জাতির বিষয়। পাচার প্রতিরোধের দায়িত্ব সবার।
“রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাধ্যমে এই বার্তাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া যায়।”
অনুষ্ঠানে ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, “মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধের লড়াই মূলত মানুষের মর্যাদাপূর্ণ এবং নিরাপদ অভিবাসনের অধিকার নিশ্চিত করার লড়াই। আমরা শিক্ষার্থীদের মধ্যে অনেকদিন ধরে কাজ করছি। আমরা দেখেছি, যেখানে শিক্ষার্থীরা যুক্ত হয়, সেখানেই ইতিবাচক পরিবর্তন হয়। তরুণ শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।”
অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।