Published : 19 Jun 2026, 04:14 PM
বিশ্বকাপ যাত্রার শুরুতে মরক্কোর ধাক্কায় স্বপ্নে একটু ‘চোট’ তো লেগেছেই ব্রাজিলের। এবার তাদের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে ‘দুর্বল’ দল হাইতি। শুরুর ম্যাচের ক্ষতটুকু সারিয়ে নেওয়াই এখন লক্ষ্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির।
ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু করেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাইতি হেরেছে স্কটল্যান্ডের কাছে, ১-০ গোলে।
মরক্কো ম্যাচের বিবর্ণ পারফরম্যান্সের কারণে সমালোচনার তীর ধেয়ে আসছে আনচেলত্তির দলের দিকে। তবে, এই ইতালিয়ান কোচ আস্থা হারাচ্ছেন না ভিনিসিউস-দানিলোদের উপর। আসছে ম্যাচেই লড়াকু ফুটবল খেলবে দল, বিশ্বাস আনচেলত্তির।
“আমরা প্রথম ম্যাচ জিততে পারিনি। (ওই ম্যাচের পর) ছেলেদের আত্মসমালোচনা খুবই ইতিবাচক ছিল। আমি মনে করি, সব সমস্যার সমাধান আমরা খুঁজে পাব; আমি আশাবাদী যে, আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলব।”
হাইতি ম্যাচে সেরা একাদশ পুরোপুরি পাল্টে দিতে চান না আনচেলত্তি। ভারসাম্য ও ছন্দ ফেরাতে কিছু সমন্বয় করবেন, বললেন তিনি।
“আমরা কয়েকটা পরিবর্তন করব…ভারসাম্যের উন্নতি এবং আমাদের খেলার (ধার বাড়ানোর) জন্য। আমরা আরও ভালো খেলতে পারি এবং আমাদের আরও ভালো খেলতেই হবে।”
শুরুর ম্যাচের মলিন পারফরম্যান্স ঘিরে সমর্থকদের হতাশা বুঝতে পারার কথা আগের দিন বলেছিলেন ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। আনচেলত্তির কোচিংয়ে পেলে-রোনালদোর উত্তরসূরিদের খেলার ধরণ পরিষ্কার হয়নি এখনও; তা মনও ভরাতে পারেনি সেলেসাও সমর্থকদের।
এই ব্রাজিলকে নিয়ে সমর্থকদের চিন্তিত হওয়ার কারণ আছে কিনা- এমন প্রশ্নের মুখে পড়েন আনচেলত্তিও। তবে, ব্রাজিল কোচ বললেন, খেলার ধরনে বৈচিত্রময়তায় বিশ্বাসী তিনি।
“আমি চাইনা একটি পরিচয়ে পরিচিত হোক ব্রাজিল। আমি চাই, আমার দলের একাধিক বৈশিষ্ট থাকুক।”