০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘গুলি আমাকে করুন, ছেলেদের নয়’, ক্ষোভের সুরে বললেন প্যারাগুয়ে কোচ

তুরস্কের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটিকে ‘ফাইনাল’ মানছেন প্যরাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারসা।

‘গুলি আমাকে করুন, ছেলেদের নয়’, ক্ষোভের সুরে বললেন প্যারাগুয়ে কোচ
প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 05:08 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

একবার নয়, একাধিকার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর তীর্যক সমালোচনাকারীদের উপর ক্ষোভ ঝাড়লেন প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো। উষ্মাভরা কণ্ঠে সমালোচকদের উদ্দেশে বললেন-আমাকে গুলি করুন, ছেলেদেরকে নয়।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শুরুটা প্যারাগুয়ের ভালো হয়নি একেবারেই। সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলে উড়ে যায় তারা। এরপর থেকে, সমালোচনার তীব্র ঝড় বয়ে যাচ্ছে আলফারোর দলের উপর দিয়ে।

একই পরিস্থিতি তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ তুরস্কেরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে বিশ্বকাপ শুরু করা তুরস্কের খেলোয়াড়দের তুলোধুনো করে ছাড়ছেন সমালোচকরা। স্যান ফ্রান্সিসকোকে বাংলাদেশ সময় শনিবার সকাল ১০টায় মুখোমুখি হবে এই দুই দল।

‘ডি’ গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে এ ম্যাচটি পয়েন্টের খাতা খুলতে না পারা দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। এমন দুঃসময়ে, সবাইকে খেলোয়াড়দের পাশে চাইলেন প্যারাগুয়ে কোচ আলফারো।

“আমাকে সমালোচনা করুন। আপনি আমাকে গুলি করতে পারেন, ছেলেদেরকে নয়। তাদের রক্ষা করুন। কেন করবেন, জানেন? বিশ্বকাপ শেষের পর, আমি চলে যাব, কিন্তু এই ছেলেগুলো থেকে যাবে। তারা রয়ে যাবে এবং দেশের প্রতিনিধিত্ব করবে।”

“দয়া করে, আমাকে আঘাত করুন; আমাকে। আমি বুক পেতে দিব এবং সব আঘাত সহ্য করব। কিন্তু আমি শুধু চাইছি, আপনারা এই খেলোয়াড়দের আগলে রাখুন। জাতীয় দলের যা সম্পদ আছে, সবচেয়ে মূল্যবান এরাই।”

বিশ্বকাপে প্যারাগুয়ে সবশেষ ২০১০ সালে কোয়ার্টার-ফাইনাল খেলেছিল। স্পেনের বিপক্ষে হেরে বিদায়ঘণ্টা বেজেছিল তাদের। শেষ আটে খেলা আজও তাদের সেরা প্রাপ্তি। এবার গ্রুপ পর্ব পেরুনো নিয়ে শঙ্কায় দলটি। মিডফিল্ডার মাতিয়াস গালারসার কাছে তাই তুরস্ক ম্যাচ, স্রেফ একটি ম্যাচ নয়।

“আচ্ছা, এখন কথা বলা কঠিন, তাই না। অবশ্যই, প্রথম ম্যাচ আমাদের জন্য ছিল ধাক্কা…যুক্তরাষ্ট্র ম্যাচ শেষ এবং আগামীকাল আমাদের একটা ফাইনাল খেলতে হবে এবং ম্যাচটাকে এভাবেই দেখছি আমরা।”