Published : 18 Jun 2026, 08:27 AM
ফুটবল ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়ার ম্যাচে নিজের ছায়া হয়ে রইলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার সতীর্থরাও পারল না দারুণ কিছু করতে। তাতে, শক্তিতে অনেক পিছিয়ে থাকা ডিআর কঙ্গোর বিপক্ষে পয়েন্ট হারাল পর্তুগাল, যা মোটেও কাম্য নয়। তবে, এতে হতাশায় ভেঙে পড়ারও কিছু দেখছেন না দলটির অধিনায়ক।
হিউস্টনে বুধবার রাতে জোয়াও নেভেসের গোলে দারুণ শুরুর পরও জিততে পারেনি পর্তুগাল। খেই হারিয়ে আফ্রিকার দলটির সঙ্গে ১-১ ড্র করে তারা।
শুরুর ওই গোলের মুহূর্তটি ছাড়া, ম্যাচের প্রায় পুরোটা সময় সাদামাটা ফুটবল খেলেছে পর্তুগাল। প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রাখলেও, তাদের আক্রমণে পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। ছোট ছোট পাসে আক্রমণে উঠে বারবার খেই হারিয়েছে দলটি।
পুরো ম্যাচে তাদের সাত শটের ওই একটিই লক্ষ্যে ছিল। যেখানে শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা কঙ্গোর আট শটের দুটি লক্ষ্যে ছিল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেসও পুরো দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন। নিজের ও দলের খেলায় হতাশ রোনালদোও। তবে, সামনে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ দেখছেন তিনি।
সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে সতীর্থদের চাঙ্গা করার চেষ্টা করলেন অধিনায়ক রোনালদো।
“এমন শুরু আমরা চাইনি। তবে (বিশ্বকাপ অভিযান) শেষ হতে এখনও অনেক দেরি। আত্মবিশ্বাস রাখো এবং পরের ম্যাচে মনোযোগ দাও।”
গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে খেলবে পর্তুগাল। এরপর, আগামী ২৭ জুন শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।