০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘পর্তুগালের গোল প্রয়োজন, তোমার নয়,’ রোনালদোর সমালোচনায় অঁরি

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকারের মতে, রোনালদোর এই গোল খরা সাময়িক কিছু নয়।

‘পর্তুগালের গোল প্রয়োজন, তোমার নয়,’ রোনালদোর সমালোচনায় অঁরি
ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 01:28 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

ডিআর কঙ্গোর বিপক্ষে নিষ্প্রভ পারফরম‍্যান্সে কড়া সমালোচনার মুখে পড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এতে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার থিয়েরি অঁরি। 

বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম‍্যাচে গোল নেই রোনালদোর। গত বিশ্বকাপে একাদশে হারিয়েছিলেন জায়গা। ইউরো চ‍্যাম্পিয়নশিপে শুরুর একাদশে ফিরলেও তেমন প্রভাব রাখতে পারেননি তিনি। চলতি বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম‍্যাচের পর আলোচনা উচ্চকিত হয়েছে, এই মহাতারকাকে ছাড়াই দল ভালো খেলে কিনা। 

কঙ্গোর বিপক্ষে রোনালদো ছিলেন বড্ড অচেনা। রক্ষণে ভীতি ছড়াতে পারেননি তিনি। তিনটি শট নিয়ে একটিও লক্ষ‍্য রাখতে পারেননি। 

মাঠে রোনালদোর উপস্থিতিতে বাড়েনি পর্তুগালের আক্রমণের ধার। বরং তাকেই খুঁজে নিতে গিয়ে নষ্ট হয়েছে সুযোগ। আবার জায়গা তৈরি না করে বরং ডি বক্সে ভীড় বাড়িয়েছেন তিনি। তাতে কঠিন হয়েছে সতীর্থদের কাজ, চলছে এমন সমালোচনা।

চলতি বিশ্বকাপে ফক্সের হয়ে বিশ্লেষকের কাজ করছেন অঁরি। সাবেক এই স্ট্রাইকার ব‍্যাখ‍্যা করেছেন, কীভাবে রোনালদোর উপস্থিতিতে ব্যাহত হচ্ছে পর্তুগাল দলের রসায়ন। সাবেক আর্সেনাল ও বার্সেলোনা তারকার মতে, নিজের গোলের পিছনে ছুটে পর্তুগালের আক্রমণকে ক্ষতিগ্রস্ত করছেন অধিনায়ক।

আগের দিন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ডের দুর্দান্ত পারফরম‍্যান্সের পর সবার চোখ ছিল রোনালদোর উপরে। নিজের ষষ্ঠ বিশ্বকাপের প্রথম ম‍্যাচে গোলের জন‍্য মরিয়া ছিলেন। কিন্তু তিনি গোলের কোনো সম্ভাবনা জাগাতে পারেননি।

ম‍্যাচ শেষে বিশ্লেষণ করতে গিয়ে অঁরি বলের কোনো খেলোয়াড় নয়, গোল প্রয়োজন দলের। 

“একটা ব‍্যাপার গুরুত্বপূর্ণ… দলের গোল প্রয়োজন। সেটা আপনার (রোনালদোর) করতে হবে এমন নয়। … কারণ সে গোল করতে চায়, সে ব‍্যাক পাসের মাঝপথে চলে আসে। আপনি যখন দুই জন খেলোয়াড়কে দেখবেন তখন আপনার জন‍্য ডিফেন্ড করা সহজ। আমার মূল কথা এটাই: দলের গোল প্রয়োজন, আপনার নয়।”

এরপর তিনি পর্তুগালে বেশ কিছু আক্রমণ ব‍্যাখ‍্যা করে দেখান কীভাবে রোনালদো জায়গা তৈরির বদলে সতীর্থদের জন‍্য জায়গা কমিয়ে দিয়েছেন। একটা আক্রমণের ক্ষেত্রে রোনালদো সামনে থাকায় কীভাবে ব্রুনো ফের্নান্দেসের জন‍্য বাধা হয়ে দাঁড়ান সেটা দেখান অঁরি।

তার মতে এই গোল খরা সাময়িক কিছু নয়। এটা পর্তুগালের আক্রমণের পদ্ধতিগত ত্রুটি। যার মূলে পুরো দল একজন তারকাকে খুঁজে নিতে বাধ‍্য হওয়া।     

সমাধান খুঁজে নেওয়ার জন‍্য রোনালদো ও পর্তুগালের হাতে বেশ কিছু দিন সময় আছে। আগামী মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের পরের ম‍্যাচ খেলবে তারা।