Published : 11 Jun 2026, 10:48 PM
বিশ্বকাপ অভিযান শুরুর পাঁচ দিন আগে দুশ্চিন্তার মেঘ জমেছে আর্জেন্টিনা শিবিরে। ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো ও উইঙ্গার নিকোলাস গন্সালেস শারীরিকভাবে অস্বস্তিতে ভুগছেন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, তাগলিয়াফিকো চোট পেয়েছেন এবং এখনও সেরে ওঠেননি। অন্যদিকে, গন্সালেসের পেশিতে টান লেগেছে। তিনি বুধবার আলাদাভাবে অনুশীলন করেছেন। তবে দুজনের কেউই আপাতত টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকিতে নেই।
প্রথম প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে শুরুর একাদশে খেলা তাগলিয়াফিকো পরের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে বেঞ্চেও ছিলেন না। এতে ধারণা করা হচ্ছে, তিনি শতভাগ ফিট ছিলেন না।
সংবাদমাধ্যমটি লিখেছে, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তাগলিয়াফিকোর শুরুর একাদশে জায়গা পাওয়াটা ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে হবে ম্যাচটি।
চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার লিওনার্দো বালের্দির বদলি এখনও নেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এজন্য শুক্রবার পর্যন্ত নাকি অপেক্ষা করবেন তিনি। তালিয়াফিকোর অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে কোচের অপেক্ষা করাটা এখন আগের চেয়েও বেশি যৌক্তিক মনে হচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার পরীক্ষা করানো হবে। তারপর স্কালোনি সিদ্ধান্ত নেবেন কোন খেলোয়াড় দলে যোগ দেবেন। ডাক পাওয়ার সম্ভাবনায় বর্তমানে এগিয়ে আছেন ডিফেন্সিভ মিডফিল্ডার গিদো রদ্রিগেস।
আর যদি তাগলিয়াফিকোকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলে স্কালোনিকে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডের ৫৫ জনের মধ্য থেকে কাউকে বেছে নিতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবেন আরেক লেফট-ব্যাক মার্কোস আকুনা।
অন্যদিকে, গন্সালেস পেশির চোটে আতলেতিকো মাদ্রিদের হয়ে মৌসুমের শেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। তারপর যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেন তিনি। ২৮ বছর বয়সী এই ফুটবলার চোট কাটিয়ে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরেন এবং পেশিতে অস্বস্তি নিয়ে ম্যাচটি শেষ করেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তারও পরীক্ষা করানো হবে। যদিও আপাতদৃষ্টিতে তাকে নিয়ে ঝুঁকি তেমন একটা নেই।