Published : 11 Jun 2026, 12:03 AM
বিশ্বকাপের আগে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা। গণমাধ্যমের খবর, নিরাপত্তাজনিত ত্রুটির কারণে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তাদের পাসপোর্টের তথ্য ফাঁস হয়ে গেছে।
খেলোয়াড় তালিকায় থাকা পাসপোর্ট নম্বরগুলো গণমাধ্যমে ও জনসাধারণের সামনে প্রকাশের আগে ঝাপসা করে দেওয়ার কথা ছিল। কিন্তু তা না করেই আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে তালিকা বিতরণ করা হয়।
মন্তব্য জানার জন্য আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স।
৮৮ হাজারের বেশি দর্শকের সামনে বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচটি ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে বদলি নামার দুই মিনিটের মধ্যে গোল করে চোট কাটিয়ে ফেরাটা রাঙান মেসি।
বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।