Published : 24 Jun 2026, 10:40 PM
খেলোয়াড়ি জীবনে মেক্সিকোর ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে খেলার সৌভাগ্য হয়েছিল স্টিভ ক্লার্কের। এখন তিনি স্কটল্যান্ডের কোচ। ব্রাজিলের বিপক্ষ সমীকরণ মিলিয়ে সেই মাঠের টাচলাইনে দাঁড়িয়ে এবার দলকে দিক নির্দেশনা দেওয়ার স্বপ্ন দেখছেন সাবেক স্কটিশ ডিফেন্ডার।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে হচ্ছে এবারের বিশ্বকাপ। স্কটল্যান্ড গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলেছে বস্টনে। হাইতির বিপক্ষে ১-০ গোলে জিতে আসর শুরু করা দলটি মরক্কোর কাছে একই ব্যবধানে হেরেছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর চারটায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে স্কটল্যান্ড। এই ম্যাচটি তারা খেলবে মায়ামিতে।
আসতেকায় খেলতে হলে আগে গ্রুপ পর্বের বৈতরণী পার করতে হবে স্কটল্যান্ডকে। ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে এখন তৃতীয় স্থানে আছে তারা। সমান ৪ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে যথাক্রমে ব্রাজিল ও মরক্কো।
এবারের বিশ্বকাপে তৃতীয় সেরা আটটি দলও সুযোগ পাবে নকআউট পর্বে। তাই স্কটল্যান্ডের সামনে এখনও রয়েছে শেষ বত্রিশে খেলার সুযোগ। আর সেখানেই তাদের সম্ভাবনা রয়েছে আসতেকায় খেলার।
ওই মাঠে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে সি/ই/এফ/এইচ/আই গ্রুপের তৃতীয় হওয়া দল।
এখন পর্যন্ত বিশ্বকাপের গ্রুপ পর্ব উৎরাতে পারেনি স্কটল্যান্ড। এবার এই কীর্তি গড়ে নিজের চাওয়াও পূরণ করতে চান ক্লার্ক।
“স্কটল্যান্ড কখনও গ্রুপ পর্ব পার করতে পারেনি। তাই আমরা যদি প্রথম দল হিসেবে এই কীর্তি গড়তে পারি, তবে তা অবশ্যই খুব বিশেষ কিছু হবে।”
“আমি আবারও আসতেকা স্টেডিয়ামে ফিরে যেতে চাইব। অনেক বছর আগে সেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ খেলেছিলাম- যখন আমি তরুণ, ফিট ও সুস্বাস্থ্যবান একজন ফুটবলার ছিলাম। সেই আসতেকা স্টেডিয়ামে আমি একটি গোলও করেছিলাম এবং মেক্সিকোকে ১-০ গোলে হারিয়েছিল স্কটল্যান্ড। এবারও যদি তেমন কিছু ঘটে, তবে আমরা সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি দেখতে পাব।”
এর জন্য স্কটল্যান্ডের সামনে বড় চ্যালেঞ্জ হলো ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে সামলানো। আপাতত এই ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছেন ক্লার্ক।
“এই টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোতে ব্রাজিল দেখিয়েছে, তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমি নিশ্চিত, তারা অন্তত সেমি-ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই এসেছে।”