Published : 29 Jun 2026, 11:38 AM
একসময় ব্রাজিল ছিল পরাশক্তি, সেই সুদিন এখন আর নেই। নেইমারের সেরা সময় অতীত হয়ে গেছে তো কবেই! এই ধরনের আলোচনা চারপাশে শোনা যায় নিত্যই। তবে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে যখন এই ধরনের কথা বলেন প্রতিপক্ষের কেউ, তখন তো চোখ কপালে ওঠার মতোই! কেনতো শিওগাই তোলপাড় ফেলে দিয়েছেন এসব কথা বলেই। তবে তার কথার ফাঁদে পা দিতে চান না ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
গত অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। এই দুই দল আবার মুখোমুখি হচ্ছে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায়। উপলক্ষ এবার আরও বড়। জয়ী দল পৌঁছে যাবে বিশ্বকাপের শেষ ষোলোয়।
গ্রুপ পর্বে অপরাজিত দু্ই দলের লড়াইয়ে ব্রাজিল নামবে ফেভারিট হয়েই। সেই তকমায় বড় ভূমিকা তাদের ইতিহাস ও ঐতিহ্যের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত পরাশক্তি বলে কথা!
তবে এই ব্রাজিল দলটাকে অতীতের কঙ্কাল হিসেবেই দেখেন শিওগাই। এমনিতে বিশ্ব ফুটবলে তিনি তেমন পরিচিত কোনো নাম নন। জাপানের স্কোয়াডেও তিনি মূলত অতিরিক্ত ফুটবলার। গ্রুপ পর্বে খেলেছেন মোটে ৬ মিনিট। ২১ বছর বয়সী এই স্ট্রাইকার হইচই ফেলে দিয়েছেন ব্রাজিলকে ‘ফলেন জায়ান্ট’ মন্তব্য করে।
তিনি সম্প্রতি বলেছেন, “ব্রাজিল একসময় পাওয়ারহাউজ ছিল, এখন শুধু ফ্রান্স ও আর্জেন্টিনাই শক্তিশালী। ব্রাজিলকে নিয়ে তো এখন তেমন কিছু কানে আসে না।” নেইমারকে নিয়ে বলেছেন, “সে কি আগের সেই নেইমার আছে? এখন (তাকে সামলাতে) কোনো সমস্যা হবে না বলেই মনে হয়।”
শিওগাইয়ের সেই মন্তব্য নিয়ে ম্যাচের আগের দিন জানতে চাওয়া হলো আনচেলত্তির কাছে। ব্রাজিলের কোচ এটিকে বলছেন মনস্তাত্ত্বিক লড়াই। সেই লড়াইয়ে জড়ানোর কোনো ইচ্ছেই নেই বিশ্ব ফুটবলের প্রবল শ্রদ্ধেয় এই কোচের।
“অন্যরা যা বলে, আমি তা পুনরাবৃত্তি করব না। আমরা সবটুকু মনোযোগ দিচ্ছি ম্যাচে। প্রতিপক্ষের শক্তি এবং বাধাগুলো এড়ানোর জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার দিকেই নজর আমাদের।”
“ম্যাচ প্রস্তুতি বলতে এসবই বোঝায়। ইংল্যান্ডে যেটাকে ‘মাইন্ড গেমস’ বলা হয়, আমরা সেটা করছি না। পর্তুগিজ ভাষায় এটাকে কিভাবে বলে? মাইন্ড গেমসই? যেটাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না।"
ব্রাজিলের অধিনায়ক মার্কিনিয়োস অবশ্য শিওগাইয়ের কথাকে নিজেদের জন্য প্রেরণা মানছেন।
“এটা ভালো যে তারা আমাদের দলকে অনুপ্রাণিত করার জন্য অনেক কথা বলে চলেছে। আমরা এক মাস ধরে এখানে, আমেরিকায় আছি এবং পা মাটিতেই রেখে আমাদের লক্ষ্যে ছুঁতে কাজ করে যাচ্ছি। এই ধরনের কথাবার্তা আমরা আমাদের প্রতিপক্ষের জন্য রেখে দিই।”
“হয়তো এটা তার দিক থেকে কিছুটা ঔদ্ধত্য ছিল এখানে...সে ভেবেছিল ব্রাজিল (আগের মতো নেই), তবে এটি দুর্দান্ত দল।”