২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল, বহিষ্কারের ঝুঁকিতে নারী ভক্ত

ওই নারী বিটিএস তারকার বাড়ির পাঁচিলের উপর দিয়ে ভেতরে জিনিসপত্র ছুড়ে মারেন এবং দরজার ফাঁক দিয়ে চিঠিও গলিয়ে দেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 12:24 AM

Updated : 11 Sep 2026, 03:32 PM

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে গিয়ে ১৩৩ বার ডোরবেল বাজিয়ে অস্বাভাবিক আচরণ করার দায়ে এক ব্রাজিলীয় নারীকে ‘স্থগিত কারাদণ্ড’ দিয়েছে আদালত। এমনকি তাকে দেশ থেকে বের করে দেওয়া করা হতে পারে।

বিবিসি জানিয়েছে, অভিযুক্ত ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। 

দক্ষিণ কোরিয়ার সিউলের একটি জেলা আদালত ওই নারীকে এক বছরের কারাদণ্ড দিলেও তা দুই বছরের জন্য স্থগিত রেখেছে। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে আপিল করে যদি তিনি না জিতে যান, তাহলে তাকে নিজ দেশে ফেরতন পাঠানো হতে পারে।

জাংকুকের প্রতি ওই নারীর ‘অস্বাভাবিক আচরণ’ শুরু হয় গেল বছরের ডিসেম্বরে আদালত ও পুলিশের তথ্য অনুযায়ী, তিনি বিটিএস তারতা জাংকুকের বাসার সামনে চিঠি ও ছবি রেখে আসার চেষ্টা করেন। এসব কাজ তিনি 'ভালোবাসা থেকেই' করেছেন বলেও দাবি করেন।

মামলার নথিতে বলা হয়েছে, ওই নারী সিউলে জাংকুকের বাড়িতে যান গেল বছরের ৭ ডিসেম্বর। সেখানে তিনি বাড়ির চারপাশে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান। বাড়ির পাঁচিলের উপর দিয়ে ভেতরে জিনিসপত্র ছুড়ে মারেন এবং দরজার ফাঁক দিয়ে জাংকুকের উদ্দেশ্যে লেখা চিঠিও গলিয়ে দেন। 

এর কয়েকদিন পর তিনি আবারও জাংকুকের বাড়িতে যান এবং এক টানা ১৩৩ বার কলিংবেল বাজান। আদালত এই আচরণকে 'চরম মাত্রার পাগলামি' হিসেবে তুলে ধরেছে।

তাকে গ্রেপ্তার করা হয় ১৩ ডিসেম্বর। সেদিন তিনি একজন খাবার সরবরাহকারী কর্মীর পিছু নিয়ে পাশের গেট দিয়ে জাংকুকের বাড়িতে প্রবেশের চেষ্টা করেছিলেন। 

পরদিন তাকে আর ওই বাড়ির ধারেকাছে না যাওয়ার শর্তে ছেড়ে দেওয়া হলেও, তা তিনি অগ্রাহ্য করেন।

এর পরের কয়েক সপ্তাহ ধরে জাংকুকের বাড়ির গেইটের কাছে তিনি ঘোরাফেরা করেন। এর পর পুলিশ জাংকুকের বাড়ির ১০০ মিটারের মধ্যে তার প্রবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করে। 

তবে এসব আদেশ বা সতর্কবার্তা ওই নারীকে দমাতে পারেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতেও জাংকুকের বাড়িতে ফের তিনি যাতায়াত করছে পুলিশ অবশেষে বিষয়টি প্রসিকিউটরদের কাছে পাঠায়। 

আদালতে জানানো হয় যে, তিনি সব মিলিয়ে অন্তত ২২ বার সেখানে গিয়েছেন।

রায় দেওয়ার সময় বিচারক বলেন, “অপরাধ পুনরায় করার ঝুঁকি খুব একটা বেশি নয়। আরও কিছু পরিস্থিতি বিবেচনা করে এই দণ্ড দেওয়া হয়েছে।”

এর আগে জাংকুক যখন সামরিক পরিষেবা শেষে বাড়ি ফেরেন, তখন সিউলে তার বাড়িতে প্রবেশের চেষ্টার সময় ৩০ বছর বয়সী এক চীনা নারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।