Published : 29 Jun 2026, 09:35 AM
দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে দেশের জার্সিতে নেইমারকে দেখা গেছে গত ম্যাচে। যদিও খুব বেশি সময় ছিলেন না মাঠে। তার ফিটনেস বা শারীরিক অবস্থা নিয়ে তাই সংশয় রয়েই গেছে। জাপানের বিপক্ষে কতটা সময় তিনি খেলতে পারবেন, সেই কৌতূহলও তাই জাগছে। কোচ কার্লো আনচেলত্তি সুনির্দিষ্ট কিছু বললেন না। তবে খানিকটা ধারণা দিয়ে রাখলেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আনচেলত্তি বলেছিলেন, পুরো ৯০ মিনিট খেলার মতোই ফিট নেইমার। যদিও বাস্তবে দেখা গিয়েছিল ভিন্ন চিত্র। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ৭৫ মিনিটের পর তিনি মাঠে নামান এই তারকাকে।
সেটিও অবশ্য ছিল তার জন্য ও দলের জন্য বড় স্বস্তির। আড়াই বছরের বেশি সময় পর দেশের হয়ে খেলতে তো পারলেন! ম্যাচের পর নেইমারকে দেখা গেছে আবেগাপ্লুত। চোখের জল ঝরিয়েছেন তিনি মাঠে এবং ড্রেসিং রুমে।
তবে সেই আবেগ দ্রুত সরিয়ে বাস্তবতার জমিনে পা রাখার পালা চলে আসছে। নকআউট পর্বের চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার কতটুকু সময় মাঠে থাকতে পারবেন, সেই প্রশ্ন উঠল জাপানের বিপক্ষে ম্যাচের আগে।
আনচেলত্তি যা বললেন, তাতে আভাস মিলল, এই ম্যাচেও নেইমারের শুরুর একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে আশার কথাও শোনালেন কোচ।
“নেইমার দারুণভাবে নিজেকে তৈরি করেছে। এটা দুঃখজনক যে, শুরু থেকে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি সে। তবে গত সপ্তাহে সে উল্লেখযোগ্য উন্নতি করেছে। দুর্ভাগ্যজনকভাবে যদিও গত ম্যাচে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। এখন সে আরও বেশি সময় খেলতে ভালোভাবেই প্রস্তুত।”
“তবে সে কত সময় খেলবে, তা অনেকটাই নির্ভর করছে খেলার প্রেক্ষাপট এবং আগামীকাল পরিস্থিতি কীভাবে এগোয়, এর ওপর।”
নেইমারের ফেরার লড়াইয়ের সময়টায় ব্রাজিলকে দারুণভাবে টেনে নিচ্ছেন ভিনিসিউস ও মাতেউস কুইয়া। জাতীয় দলের জার্সিতে মিইয়ে থাকার বদনাম অনেকটাই ঘুচিয়ে গ্রুপ পর্বে ভিনিসিউস করেছেন চার গোল, তিনটি করেছে কুইয়া।
বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু জাপানের বিপক্ষে ব্রাজিলের লড়াই।