২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি গ্রুপ ৩ মাসের মধ্যে সমস্যা কাটিয়ে উঠতে পারবে: গভর্নর

“তাদের (সিটি গ্রুপ) ২৪ হাজার কোটি টাকার ঋণ আছে ২৯ ব্যাংকে।”

সিটি গ্রুপ ৩ মাসের মধ্যে সমস্যা কাটিয়ে উঠতে পারবে: গভর্নর
নতুন মুদ্রানীতি ঘোষণা করতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে আসেন গভর্নর মোস্তাকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 12:09 AM

Updated : 19 Sep 2026, 02:33 PM

শিল্প গোষ্ঠী সিটি গ্রুপের বড় অঙ্কের ঋণ নিয়ে ২৯টি ব্যাংকের সমস্যায় থাকার কথা তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, এ সংকট সমাধানে কাজ চলছে, যেগুলো বাস্তবায়ন হলে কোম্পানিটি সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নে গভর্নর বলেন, ‘‘তাদের (সিটি গ্রুপ) ২৪ হাজার কোটি টাকার ঋণ আছে ২৯ ব্যাংকে। তিনটি লিডিং ব্যাংকের এমডিকে নিয়ে বসেছিলাম। তাদের বলি সমাধান বের করতে। আমরা সহযোগিতা করবো।

“ওনারা কিছু সমাধান বের করেছেন। আমার মনে হয় যে আগামী তিন মাসের মধ্যে এগুলো বাস্তবায়নে গেলে সিটি গ্রুপ হয়তো সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে।’’

ভোগ্যপণ্যসহ বিভিন্ন শিল্পে বিনিয়োগ থাকা দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপটি সম্প্রতি বিপুল পরিমাণ ব্যাংকঋণ নিয়ে আর্থিক চাপে পড়েছে বলে খবরে এসেছে।

শিল্প গোষ্ঠীটিকে বড় অঙ্কের ঋণ দিয়ে কিছু ব্যাংকের বেকায়দায় থাকার খবরের মধ্যে এসব কথা বলরেন গভর্নর।

মুদ্রানীতির আলোচনার বাইরে সংবাদ সম্মেলনে প্রশ্ন আসে আরেক শিল্পগোষ্ঠী 

মেঘনা গ্রুপের বিদেশি মুদ্রার ঋণ অনুমোদন নিয়েও।

বৈদেশিক মুদ্রার আয় সেভাবে না থাকলেও গ্রুপটিকে ৮ কোটি ডলার ঋণ দেওয়ার নীতি নিয়ে একজন প্রশ্ন করলে গভর্নর বলেন, “আমাদের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার (গ্রস রিজার্ভ) পার করেছে। আরো বাড়বে। এখন স্থিতিশীল আছি। আমরা বিদেশি ঋণ পাওয়া আরও সহজ করব। বিশেষ করে বিদেশি কোম্পানিগুলো কোনো আগাম অনুমতি ছাড়াই ঋণ নিতে পারবে বিদেশি মুদ্রায়।”

‘ছয় ব্যাংকের অস্বাভাবিক ঋণ গোপন’

বেসরকারি ছয়টি ব্যাংকে গত ২৩, ২৪ ও ২৫ জুন ছয়টি দল বিশেষ পরিদর্শন করেছে বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন মোস্তাকুর রহমান।

পরিদর্শনে পাওয়া ফলের বিষয়ে তিনি বলেন, ‘‘এই ছয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার ব্যবহার নিয়ে অডিট করা হয়। সেখানে খুবই অস্বাভাবিকতা পাওয়া গেছে। অনেক ঋণের তথ্য গোপন করা হয়। খেলাপিতেও একই অবস্থা। এছাড়া আইটিও অডিট করা হয়।’’

তবে গভর্নর এ ছয় ব্যাংকের নাম প্রকাশ করেননি।

নতুন মুদ্রানীতি ঘোষণা করতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে আসেন গভর্নর মোস্তাকুর রহমান।

নতুন মুদ্রানীতি ঘোষণা করতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে আসেন গভর্নর মোস্তাকুর রহমান।

ইসলামী ব্যাংক নিয়ে সময় চান গভর্নর

বেসরকারি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চলমান অস্থিরতা নিরসনে পূর্ণাঙ্গ পরিচালক পর্ষদ গঠনে আরেকটু সময় লাগবে বলে জানিয়েছেন গভর্নর।

তিনি বলেন, ‘‘ইসলামী ব্যাংকের বিষয়টি এখন ব্যাংক কোম্পানি আইনের ধারা-টারার বাইরে চলে গেছে। একটু সময় দেন, ঠিক হয়ে যাবে।’’

শীর্ষস্থানীয় ব্যাংকটিতে তারল্যসহ অন্যান্য সহযোগিতা অব্যাহত থাকার কথা তুলে ধরে তিনি বলেন, ইসলামী ব্যাংকে এখন পর্যন্ত ১৩ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে।

বাড়ানো হচ্ছে টাকার প্রবাহ

সংকোচনমূলক মুদ্রানীতি হলেও নানাভাবে ব্যাংকের মাধ্যমে টাকার প্রবাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবশেষ ঋণের সুদহার কমিয়ে আনতে আমানত ও সুদহারের মধ্যে ৪ শতাংশ স্প্রেডের নীতি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এমন প্রেক্ষাপটে মূল্যস্ফীতি কীভাবে কমবে সেই প্রশ্নে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, ‘‘এটার উত্তর হচ্ছে, আপনারা জানেন যে মূল্যস্ফীতির দুইটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে সাপ্লাই সাইড ফ্যাক্টর। তো ডিমান্ড সাইড ফ্যাক্টরে যদি আমরা বেশি টাকার ব্যবস্থা করি তখন চাহিদা বাড়বে। ফলে মূল্যস্ফীতিকে উসকে দেবে।

‘‘সো ডিমান্ড সাইড ফ্যাক্টরের যে উসকে দেওয়ার প্রবণতাকে আমরা প্রশমিত করার জন্য আমাদের নীতি সুদহারকে বেশি রেখেছি। সাধারণত যে তহবিলটার চাহিদা থাকে তার সুদ খরচ বাড়ানো হয়েছে। পাশাপাশি স্টিমুলাস প্যাকেজ ও অন্যান্য যে লিকুইডিটি ইনজেকশন হচ্ছে, আমরা মনে করি টাকাটা যাবে উৎপাদনে। ’’

চার শতাংশ স্প্রেডের কারণে সুদহার কমে যাওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘এই স্টিমুলাস প্যাকেজের (প্রণোদনার ঋণ) ব্যাংক রেটে যেটা দেওয়া হবে, সেটা কিন্তু অনেকটাই সহায়ক রেট। সেটা উৎপাদন ব্যয় কমাবে, পাশাপাশি উৎপাদন বাড়ানোর ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের মূল্যস্ফীতি মোকাবেলা করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডকে পুনরুজ্জীবিত করার ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে।”