Published : 29 Jun 2026, 10:20 AM
ফাইনালের ঠিকানা এখনও অনেক দূরের পথ। তবে ব্রাজিলের একটি ফাইনাল চলে এসেছে এখনই। নকআউট পর্বের শুরুতেই তাদের সামনে এমন এক প্রতিপক্ষ, যাদের কাছে তারা হেরেছে কয়েক মাস আগেই। জাপানের প্রতি তাই সবটুকু সমীহ আছে কার্লো আনচেলত্তির। এই ম্যাচকে ফাইনাল হিসেবেই দেখছেন ব্রাজিলের কোচ।
শেষ ষোলোয় পৌঁছানোর লড়াইয়ে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় মুখোমুখি হবে ব্রাাজিল ও জাপান।
গ্রুপ পর্বে দুই দলই ছিল অপরাজিত। মরক্কোর বিপক্ষে হতাশাজক ড্রয়ে শুরুর পর হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয় হয় ব্রাজিল। নেদারল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর জাপান উড়িয়ে দেয় তিউনিসিয়াকে। পরে সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপে দ্বিতীয় হয় তারা।
শুধু এই বিশ্বকাপেই নয়, গত ৯ মাসে হারের মুখ দেখেনি জাপান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কাছে হারার পর টানা ১০ ম্যাচ অপরাজিত তারা। এই সময়ে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় ছাড়াও তাদের সুখস্মৃতি আছে ব্রাজিলের বিপক্ষে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকলেও পরে স্মরণীয় প্রত্যাবর্তনে ৩-২ গোলে জিতেছিল এশিয়ার দেশটি।
এবার বিশ্বকাপের লড়াইয়ের আগে সেই ম্যাচের কথা মনে করেই জাপানের প্রতি সর্বোচ্চ সম্মান জানালেন আনচেলত্তি।
“জাপান যে বিশ্বের সেরা দলগুলির একটি, তা জানাটা ছিল ভালো অভিজ্ঞতা। তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং আমরা ম্যাচটির জন্য ফাইনালের মতোই প্রস্তুতি নেব, কারণ আমাদের কাছে এটি একটি ফাইনাল।”
নকআউটের মতো ম্যাচে নানা ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতি আসতে পারে। দলকে সেভাবেই প্রস্তুত রাখছেন ব্রাজিল কোচ।
“আমাদের প্রয়োজন শক্তিশালী মানসিকতা এবং দৃঢ় হৃদয়। নকআউট ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে, যেমন অতিরিক্ত সময় বা টাইব্রেকার। সবকিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এই দল প্রস্তুত, উজ্জীবিত এবং আত্মবিশ্বাসী। কিন্তু বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচই খুব কঠিন।”
ব্রাজিলের জন্য আরেকটি বাধা হতে পারে এ দিনের ম্যাচের সময়। হিউস্টনে স্থানীয় সময় দুপুর ১২টায়। গ্রুপ পর্বে সব ম্যাচই রাতে খেলেছে তারা। তবে এটি বড় চ্যালেঞ্জ মনে করেন না ব্রাজিলের কোচ।
“আমার মনে হয় না খুব বেশি কিছু পরিবর্তন করতে হবে, আমরা সবসময় দিনের এই সময়েই অনুশীলন করি। দিনশেষে একটি ফুটবল ম্যাচই তো!
“আমাদের মনোযোগী থাকতে হবে। আমরা খুব কঠিন ও সুসংগঠিত একটি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে যাচ্ছি, এবং মাঠে আমরা কী করতে চাই, তা নিয়ে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে।”
সত্যিকারের ফাইনাল জিতবে কে বা কোন দল শিরোপা জয়ে ফেভারিট, সেটিও জানতে চাওয়া হয়েছিল আনচেলত্তির কাছে। ব্রাজিলের কোচ পরিষ্কার ফেভারিট দেখেন না কাউকে।
"হতে পারে গ্রুপ পর্বে কিছু দল অন্যদের চেয়ে ভালো করেছে, কিন্তু আমার মনে হয় না এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট ফেভারিট উঠে এসেছে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ টুর্নামেন্ট হবে বলে আশা করা যায়।"