Published : 13 Jul 2026, 09:11 PM
নরওয়ের বিশ্বকাপ যাত্রা শেষের দায় অনেকেই দিচ্ছেন আলেকসান্দের সর্লথকে। মূলত, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪৪তম মিনিটের ঘটনাকে কেন্দ্র করে অনলাইনে এই ফরোয়ার্ডকে বিদ্বেষপূর্ণ বার্তা দেওয়া হচ্ছে। এমনকি তাকে আত্মহত্যার প্ররোচনাও দেওয়া হচ্ছে!
অপ্রীতিকর এই ঘটনার সুত্রপাত, ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে নরওয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর। ওই ম্যাচের ৪৪তম মিনিটে গতিময় এক প্রতি-আক্রমণে নিশ্চিত সুযোগ পান সর্লথ। ডি-বক্সের মুখে তার বাঁ পাশে অরক্ষিত ছিলেন আর্লিং হলান্ড, সামনে ডিফেন্ডার একজন; কিন্তু আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড সতীর্থকে পাস দেননি, দ্রুত শট নিতেও পারেননি!
এরপর ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। পরে, রেয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড করেন জয়সূচক গোলও। তাতে থেমে যায় নরওয়ের রোমাঞ্চকর পথচলা।
অনলাইনে সর্লথকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার বিষয়টি নজরে এনেছেন তার সঙ্গী লেনা সেলেনেস। ইনস্টাগ্রামে তিনি কিছু বার্তা পোস্ট করেছেন, যেখানে সর্লথকে আত্মহত্যার উস্কানি দেওয়া হয়েছে। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না নরওয়ে কোচ স্তলে সুরবাকেন।
“এটা খুব খারাপ বিষয়। আমরা এমন দুনিয়াতেই বাস করি। ছেলেদের আমি বলেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে, বিশেষ করে, এই দিনগুলোতে।”
“যেকেনো দৃষ্টিকোণ থেকেই, এই মন্তব্যগুলো পুরোপুরি অর্থহীন, এর বাইরে আর বলার কিছুই নেই আমার।”
ম্যাচের ওই মুহূর্তে হলান্ডকে পাস না দেওয়ার ব্যাখ্যাও পরে দিয়েছিলেন সর্লথ। বলেছিলেন, ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোন্স পথ আগলে থাকার কারণে, তিনি পাসটি দিতে পারেনি।
“ওই পরিস্থিতিতে আমি শুধু একটা কাজই করতে চেয়েছিলাম, হলান্ডকে পাস দিতে চেয়েছিলাম; কিন্তু মনে হচ্ছিল, পাসটা দেওয়ার মতো জায়গা নেই; তাই আমি শট নিয়েছিলাম।”