Published : 12 Jul 2026, 01:06 PM
ফাইনালে ওঠার লড়াইয়ে ‘নতুন’ এক দলের মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি। সেমি-ফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে সুদীর্ঘ ক্যারিয়ারে কোনো ম্যাচ খেলেননি আর্জেন্টিনা অধিনায়ক।
আটলান্টায় ১৬ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
দুই দল সবশেষ কোনো প্রীতি ম্যাচ খেলেছিল ২০০৫ সালে। সুইজারল্যান্ডের জেনেভার ৩-২ ব্যবধানে হেরে যাওয়া ওই ম্যাচে নিষেধাজ্ঞার জন্য খেলতে পারেননি মেসি। হাঙ্গেরির বিপক্ষে অভিষেকে লাল কার্ড দেখায় স্ট্যান্ডে ছিলেন তিনি।
২১ বছর আগে সবশেষ খেলায় স্বাভাবিকভাবেই দুই দলের বর্তমান খেলোয়াড়দের কেউই এর আগে দেশের হয়ে মুখোমুখি হননি। দল দুটি বিশ্বকাপে সবশেষ মুখোমুখি হয়েছিল আরও আগে, ২০০২ সালে। গ্রুপ পর্বের ওই লড়াইয়ে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে।
আর্জেন্টিনা ও ইংল্যান্ড এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেছে; এর ছয়টিতে জিতেছে ইংল্যান্ড, ড্র হয়েছে ছয়টি ম্যাচ। আর্জেন্টিনার জয় দুটি এসেছে বিশ্বকাপে, এর একটি ১৯৮৬ আসরের কোয়ার্টার-ফাইনালে।
সেমি-ফাইনালের প্রতিপক্ষ নিয়ে এই মুহূর্তে ভাবছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
“আমরা ইংল্যান্ড নাকি নরওয়ের বিপক্ষে খেলছি তা কোনো ব্যাপার নয়। আমরা এমন একটা দলের বিপক্ষে খেলব যারা ভালো ফুটবল খেলছে এবং যাদের দারুণ একজন কোচ আছে। এখন আমাদের নিজেদের ফিটনেস ফিরে পেতে হবে কারণ, এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”