Published : 12 Jul 2026, 01:49 PM
বান্দরবান জেলায় বন্যার ঝুঁকিতে থাকা মানুষের জন্য আগাম সহায়তা এবং দুর্যোগ-সংবেদনশীল সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডব্লিউএফপি জানিয়েছে, আগাম সহায়তা কর্মসূচির আওতায় বন্যার উচ্চ ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
পাশাপাশি, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে জরুরি নগদ সহায়তা দেওয়া হয়।
ডব্লিউএফপি জানিয়েছে, সহযোগী সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি-বিএনকেএসের মাধ্যমে বাস্তবায়িত এই যৌথ উদ্যোগের আওতায় বান্দরবান সদর ও লামা উপজেলায় সর্বমোট ১৫ হাজার ৬০০ পরিবারের ৭৫ হাজার মানুষ এই নগদ সহায়তা পেয়েছেন।
টানা ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
ডব্লিউএফপির বাংলাদেশ প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা বলেন, “বাংলাদেশে জলবায়ুজনিত দুর্যোগের ঘনত্ব ও তীব্রতা বাড়ছে। তাই দুর্যোগের আগেই পদক্ষেপ নেওয়া এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
বন্যার সবচেয়ে খারাপ প্রভাব পড়ার আগেই সহযোগিতা পৌঁছে দিয়ে আমরা পরিবারগুলোকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, জীবিকা ও সম্পদ রক্ষা করতে সহায়তা করছি।
“একই সঙ্গে জাতীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে ব্যবহার করে সংকটের সময় ব্যাপক পরিসরে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।”