Published : 12 Jul 2026, 01:44 PM
যে নিয়মে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাগাইল এমবোলো, সেই নিয়মকে ‘অগ্রহণযোগ্য’ বললেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। তিনি মনে করেন, বিনা কারণে কার্ড দেখেন অভিজ্ঞ ফরোয়ার্ড এমবোলো।
কোয়ার্টার-ফাইনালে প্রবল প্রতিরোধের পরও ৩-১ গোলে আর্জেন্টিনার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সুইজারল্যান্ড। এমবোলোর দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে ক্ষোভে ফুঁসছেন দলটির কোচ।
শুরুতেই পিছিয়ে পড়া সুইজারল্যান্ড দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে সমতা ফেরায়। এর পাঁচ মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় তারা।
ফাউলের জন্য শুরুতে আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে পরে ভিএআর রেফারির হস্তক্ষেপের পর মাঠের পাশের স্ক্রিনে রিপ্লে দেখে রেফারি সিদ্ধান্তে পৌঁছান, ইচ্ছে করেই ডাইভ দিয়েছেন এমবোলো। দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় ২৯ বছর বয়সী ফরোয়ার্ডকে। শুরুতে তীব্র প্রতিবাদ জানান তিনি, পরে মাঠ ছাড়েন কান্নায় ভেঙে পড়ে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে যে আক্রমণাত্মক ফুটবল শুরু করেছিল, এই লাল কার্ডের পর আর সেটা ধরে রাখতে পারেনি সুইজারল্যান্ড। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ম্যাচ অতিরিক্তি সময়ে নিয়ে যায়। কিন্তু হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে ওই কার্ড নিয়ে ক্ষোভ ঝরল ইয়াকিনের কণ্ঠে।
“হলুদ কার্ড দেখানোর কোনো কারণই ছিল না। এটা ক্ষতিকর কোনো পরিস্থিতি ছিল না। তাকে খেলা চালিয়ে যেতে দেওয়া উচিত ছিল।
“আমরা অগ্রহণযোগ্য একটা নিয়মে শাস্তি পেয়েছি। আমি এটা বুঝতে পারিনি। তারা অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করেছে যা ভীষণ বেদনাদায়ক। এই নিয়মের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। এটা আজ আমাদের খেলা নষ্ট করে দিয়েছে। আমাদের এটা মেনে নিতে হবে। তবে এটা হেরে যাওয়া বেদনাদায়ক।”