Published : 12 Jul 2026, 02:17 PM
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করেছে বিজিবি।
শনিবার দুপুরে সীমান্তের বেনাপোল বড়আঁচড়া গ্রামের আমবাগান থেকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
শনিবার রাতে বিজিবির প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়, অস্ত্র চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহলদল বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আচড়া গ্রামের আম বাগানে ঝটিকা অভিযান চালায়।
এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বেনাপোল পোর্ট থানায় মামলা করে জব্দ করা অস্ত্র, গুলি হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।