Published : 12 Jul 2026, 06:28 PM
মার্কিন কংগ্রেসে ইসরায়েলের ঘোর সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সেনেটর লিন্ডসে গ্রাহাম ৭১ বছর বয়সে মারা গেছেন।
রোববার এক এক্স পোস্টে তার দপ্তরের যোগাযোগ বিষয়ক পরিচালক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থতায় মারা যান সেনেটর।
“সেনেটর গ্রাহামের পরিবার এই সময়ে সকলের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে আর এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে।”
রয়টার্স লিখেছে, দক্ষিণ ক্যারোলিনার এই আইনপ্রণেতা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোর সমালোচক থেকে অন্যতম বিশ্বস্ত সহযোগীতে পরিণত হয়েছিলেন।
ইরানের ঘোর বিরোধী এবং যুদ্ধংদেহি অবস্থানের জন্য পরিচিত ছিলেন প্রভাবশালী এই সেনেটর।
২০২৪ সালের মে মাসে এক সাক্ষাৎকারে ইসরায়েলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়েছিলেন লিন্ডসে গ্রাহাম।
তার ভাষ্য ছিল, জাপান ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা যেমন সঠিক সিদ্ধান্ত ছিল, তেমনি ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় গাজায় 'যা কিছু প্রয়োজন' তা করার অধিকার তাদের আছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর তিনি বার বার যুদ্ধবিরতির আহ্বানের বিরোধিতা করেন। সেই সঙ্গে কোনো শর্ত ছাড়াই ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার জোর দাবি তোলেন।
সেনেটর থাকাকালে লিন্ডসে গ্রাহাম বহুবার ইসরায়েল সফর করেছেন। দেশটির বিভিন্ন সময়ের প্রধানমন্ত্রী, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়েও তিনি ছিলেন উচ্চকণ্ঠ।
ইউক্রেইনে নিয়মিত যাতায়াত ছিল লিন্ডসে গ্রাহামের। মৃত্যুর আগের দিনও কিইভে প্রেজিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।
বিমানবাহিনীর সাবেক আইনজীবী এবং দক্ষিণ ক্যারোলাইনা এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য লিন্ডসে গ্রাহাম ১৯৯৪ সালে সাউথ ক্যারোলাইনার তৃতীয় কংগ্রেসনাল জেলা থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে ২০০২ সালে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের সদস্য নির্বাচিত হন।
কূটনীতির চেয়ে সামরিক সংঘাত বা আক্রমণাত্মক নীতির প্রতি পক্ষপাত দেখিয়ে আসা গ্রাহাম ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে এমন ফলাফলের জন্য ধারাবাহিকভাবে চাপ দিয়ে এসেছেন যা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করে’ বলে তার ওয়েবসাইটে বলা হয়েছে।
কিছুদিন আগে সেনেট বাজেট কমিটির চেয়ারম্যান ছিলেন লিন্ডসে গ্রাহাম। সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি, সেনেট জুডিশিয়ারি কমিটি এবং সেনেট এনভায়রনমেন্ট অ্যান্ড পাবলিক ওয়ার্কস কমিটিরও সদস্য ছিলেন।
অবিবাহিত গ্রাহাম সাউথ ক্যারোলাইনার ছোট্ট শহর সিনেকায় বসবাস করতেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেজিডেন্ট আইজ্যাক হারজগ। তারা লিন্ডসে গ্রাহামকে ইসরায়েলের একজন 'মহান বন্ধু' হিসেবে বর্ণনা করেছেন।
গভীর শোক প্রকাশ করে মার্কিন প্রেজিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, লিন্ডসে গ্রাহাম ছিলেন তার চেনা ‘অন্যতম সেরা’ ব্যক্তি, এবং একজন প্রকৃত আমেরিকান দেশপ্রেমিক।
২০১৬ সালের প্রাইমারিতে লিন্ডসে গ্রাহাম প্রেজিডেন্ট পদে মনোনয়নের লড়াইয়ে ডনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান। পরে তিনি মিস্টার ট্রাম্পের একজন অনুগত সমর্থক এবং নিয়মিত গলফ খেলার সঙ্গী হয়ে ওঠেন।
তবে মিস্টার ট্রাম্প ক্ষমতায় ফেরার পর যখন ক্যাপিটল হিলে হামলা চালানো প্রায় দেড় হাজার সমর্থককে ক্ষমা করে দিলেন, তখন এর বিরোধিতা করেছিলেন সেনেটর গ্রাহাম। বলেছিলেন, এই সিদ্ধান্তের ফলে আরও সহিংসতা হতে পারে।