১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিকী ও প্রাকনির্বাচনী পরীক্ষা স্থগিত

কিছু প্রতিষ্ঠান দুই বেলার পরীক্ষাই স্থগিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 01:48 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

রাত থেকে চলা বর্ষণের তোড়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিকী ও প্রাকনির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি থামেনি দুপুর ১২টার পরও।  

ঢাকার জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজধানীর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করেছে। কিছু কিছু প্রতিষ্ঠান আমাদের কাছে জানতে চেয়েছিল পরীক্ষা স্থগিত করবে কি না। তাদের অনেকে পরীক্ষা স্থগিত করেছে।

 “নাবাবগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই পরীক্ষা স্থগিত করেছে। আর রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালের পরীক্ষা নিতে পেরেছে, দুপুরের পরীক্ষা স্থগিত করেছে। কিছু প্রতিষ্ঠান দুই বেলার পরীক্ষাই স্থগিত করেছে।”

এ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন একজন শিক্ষক।

তানুজা আকবর নামের এক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানমণ্ডি কামরুন্নেছা স্কুলের অর্ধবার্ষিকী এবং প্রাক-নির্বাচনী পরীক্ষা বৈরি আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে প্রাথমিক ও মাধ্যমিক উভয় শাখার পরীক্ষা স্থগিত করেছে রাজধানীর মিল্লাত হাই স্কুল। প্রতিষ্ঠানটির ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছে।

মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষও এদিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বলে প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজে জানিয়েছে।

পুরান ঢাকার শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার রোববারের সব পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে।

রোববারের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছে উইলস লিটল ফ্লাউয়ার স্কুল অ্যান্ড কলেজ।

মিরপুরের বিসিআইসি কলেজ রোববারের চতুর্থ, ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছে।

নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের রোববারের প্রাক-নির্বাচনী ও অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মান্নান।

এদিনের সব পরীক্ষা স্থগিত করে নোটিশ প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজে প্রকাশ করেছে মনিপুর ‍উচ্চ বিদ্যালয়ও।

 ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজও।

 সব পরীক্ষা স্থগিত করেছে মিরপুরের সিদ্ধান্ত হাইস্কুল কর্তৃপক্ষও।

মতিঝিল কলোনী হাইস্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার রোববারের পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌস।

এছাড়া গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজ কর্তৃপক্ষও রোববার অনুষ্ঠিতব্য একাদশ শ্রেণি, অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ জারি করেছে।