২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস ও মানুষ উচ্ছেদ নয়, ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনে দাবি

‘পেলুনপুর, রাজাবাড়ি ও দক্ষিণ রাজাবাড়ি এলাকাবাসী’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস ও মানুষ উচ্ছেদ নয়, ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনে দাবি
সীমনা-বিজয়নগর সড়কের পাশে কৃষিজমি ও পরিবেশ রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 09:49 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

ব্রাহ্মণবাড়িয়ায় উন্নয়ন প্রকল্পের কারণে মানুষ যেন বসতবাড়ি ও কৃষিজমি থেকে উচ্ছেদ না হয় এবং পরিবেশের ভারসাম্য যেন বজায় থাকে সেই দাবি জানিয়েছেন এলাকাবাসী।  

সোমবার বিকালে ‘পেলুনপুর, রাজাবাড়ি ও দক্ষিণ রাজাবাড়ি এলাকাবাসী’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা সাজিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া ইউনেস্কো ক্লাবের সভাপতি আমির ফারুক, জেলা টিইউসির সাধারণ সম্পাদক আল মাহমুদ, গ্রামবাসীর পক্ষে বাবুল মাস্টার ও ওমর ফারুক। 

কৃষক নেতা সাজিদুল ইসলাম বলেন, “সিমনা-বিজয়নগর সড়কের পাশে পেলুনপুর, রাজাবাড়ি এলাকায় উন্নয়ন করার পরিকল্পনা করা হচ্ছে। এই উন্নয়নের নামে জীববৈচিত্র, কৃষিজমি ধ্বংস এবং স্থানীয় আদিবাসীদের উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। আমরা অনতিবিলম্বে এই প্রকল্প বাতিল করার দাবি জানাই।”

উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি জহিরুল ইসলাম স্বপন বলেন, “পেলুনপুর, রাজাবাড়ি, দত্তখোলা এলাকার কৃষিজমি রক্ষা করতে হবে। এগুলো ধ্বংস করে কোনো উন্নয়ন প্রকল্প হতে পারে না। আবাসন করতে হলে এটা পরিকল্পিতভাবে করতে হবে। জলাশয়, নদী, কৃষিজমি, ধ্বংস না করে জনবান্ধব কার্যক্রম পরিচালনা করতে হবে।”