Published : 11 Jun 2026, 09:50 PM
যুক্তরাষ্ট্রের বাধায় বিশ্বকাপ থেকে বাদ পড়ার ধাক্কার মাঝে দারুণ একটি সুখবর পেয়েছেন ওমার আব্দুলকাদের আর্তান। উয়েফা সুপার কাপ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সোমালিয়ার এই রেফারিকে।
আগামী ১২ অগাস্ট সালসবুর্কে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি ও ইউরোপা লিগা চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা।
ইউরোপ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বৃহস্পতিবার জানিয়েছে, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সঙ্গে আলোচনার পর সুপার কাপের জন্য আর্তানের নাম চূড়ান্ত করা হয়েছে।
সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের মূল মঞ্চে দায়িত্ব পালনের খুব কাছে ছিলেন ৩৪ বছর বয়সী আর্তান। কিন্তু ‘বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও’ তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। গত সপ্তাহান্তে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
পরে উত্তর আমেরিকা বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা থেকেও আর্তানের নাম ছেঁটে ফেলা হয়। হতাশা নিয়ে বুধবার দেশে ফিরে যান ২০২৫ সালের কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) বর্ষসেরা রেফারি।
স্বপ্ন পূরণের খুব কাছ থেকে ফেরত আসা আর্তানকে বীরের মতো সংবর্ধনা দেয় সোমালিয়ার মানুষ। হাজার হাজার উল্লসিত সমর্থক, যাদের কয়েকজনের হাতে পতাকা ও আর্তানের ছবি ছিল, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি স্টেডিয়ামে জড়ো হয়, যেখানে একটি ম্যাচে আর্তান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আর্তানকে কাঁধে তুলে নেন কয়েকজন। হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন তিনি। ‘আর্তান’, ‘আর্তান’ বলে চিৎকার করতে থাকেন দর্শকরা।
সোমালিয়ার ন্যাশনাল ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচ অফিসিয়াল আর্তান ২০১৮ সালে ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পান। এর আগে আফ্রিকা কাপ অব নেশন্সেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে, এবার উয়েফার ম্যাচও পরিচালনা করবেন এই রেফারি।