Published : 16 Jun 2026, 01:05 PM
এখনও দল থেকে আলাদা অনুশীলন করছেন রুবেন দিয়াস। তবে ক্লাব সতীর্থ মাথেউস নুনেসের বিশ্বাস, বিশ্বকাপের শুরু থেকেই পাওয়া যাবে এই ডিফেন্ডারকে।
ম্যানচেস্টার সিটি সতীর্থ দিয়াসের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানেন নুনেস। তার মতে, পর্তুগাল দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য দিয়াস এবং তিনি রক্ষণে বড় ভরসা।
দিয়াসের আলাদা অনুশীলনের কারণ এখনও জানায়নি পর্তুগাল। এতে দলটির ভক্তদের শঙ্কা ক্রমেই বাড়ছে যে, আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে হয়তো অভিজ্ঞ সেন্টার ব্যাককে পাওয়া যাবে না। সোমবার অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের নুনেস বললেন, তিনি শুরু থেকেই দিয়াসকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
“অবশ্যই তাকে আমরা প্রতিটি ম্যাচে চাই, কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ। সিটি দলে আমার জুটি তিনি- আমরা সবাই জানি এই জাতীয় দলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ। তিনি ড্রেসিং রুম ও বাইরে একজন নেতা ও বলিষ্ঠ কণ্ঠ।”
“আশা করি প্রথম ম্যাচের জন্য ফিট থাকবেন এবং বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্যও।”
২৭ বছর বয়সী নুনেস ফুলব্যাক ও মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। তাতে একাদশ নির্বাচনে বেশ বিকল্প থাকছে রবের্তো মার্তিনেসের হাতে। নুনেস বলেছেন, এই মুহূর্তে তার পছন্দের কোনো পজিশন নেই।
“আমি দুটি পজিশনই পছন্দ করি। আমার মনে হয়, আমি দুই ক্ষেত্রেই স্বচ্ছন্দ। প্রায় দেড় মৌসুম ধরে ফুলব্যাক হিসেবে খেলছি। তাই এই পজিশনের সঙ্গে সম্পৃক্ত সবকিছুর সঙ্গে আমি অভ্যস্থ।”
“আমি লেফট উইংয়েও খেলেছি। খেলতে পারব এমন সব পজিশনেই আমি খেলেছি। আমি দুই পজিশনেই স্বচ্ছন্দ। এই মুহূর্তে কোনো পজিশন আমার কাছে অগ্রাধিকার নয়।”