Published : 19 Jul 2026, 02:33 AM
চব্বিশের কোটা সংস্কার আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথে নেমে আসার দিন ১৮ জুলাইকে 'বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস' হিসেবে পালন করেছে বামপন্থি কয়েকটি ছাত্র সংগঠানের জোট 'গণতান্ত্রিক ছাত্রজোট'।
শনিবার সন্ধ্যায় রাজধানীর আফতাবনগর গেইটে একটি 'অস্থায়ী শহীদ বেদী' স্থাপন করে সেখানে মোমবাতি জ্বালিয়ে দিবসটি স্মরণ করেছেন জোটভুক্ত সংগঠনগুলোর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রনেতারা।
জোটভুক্ত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা এসময় অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় তাদের সঙ্গে ছিলেন ২০২৪ সালের ১৮ জুলাই আফতাবনগরে আন্দোলনে প্রাণ হারানো ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র শহীদ জিল্লুর শেখের বাবা হাসান শেখ।
পরে শহীদদের স্মরণে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাহির আহনাফ।
২০২৪ সালের সরকারি চাকরির কোটা সংস্কারে দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চলাকালে ১৭ জুলাই মধ্যরাতে এক নোটিসে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
তাতে কোটা সংস্কার আন্দোলন স্থিমিত হয়ে পড়লে ১৮ জুলাই রাজপথে নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ওইদিন আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষে অন্তত ২৫ জনের মৃত্যু হয়৷
সেদিন দুপুরে রাজধানীর আফতাবনগরে ঢাকা ইম্পেরিয়াল কলেজের একদশ শ্রেণির ছাত্র জিল্লুর শেখ গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ওই আন্দোলন পরে গণঅভ্যুত্থানের রূপ পায় এবং ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।