১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্রশিবিরের অনুষ্ঠানে গিয়ে ফোন খোয়ানোর অভিযোগ আরমানের

“আইডি কার্ড দেখে বিশ্বাস করে ফোনটি হাতে দিয়ে আমি বর্ণনা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখি সে ফোনসহ উধাও।"

ছাত্রশিবিরের অনুষ্ঠানে গিয়ে ফোন খোয়ানোর অভিযোগ আরমানের
মীর আহমাদ বিন কাসেমের ফেইসবুক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 01:31 AM

Updated : 11 Sep 2026, 03:41 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠানে গিয়ে মোবাইল ফোন খোয়ানোর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। 

জুলাই অভ্যুত্থানের ওই অনুষ্ঠানে গলায় আয়োজকদের কার্ড ঝুলোনা এক তরুণের হাতে তিনি ফোনটি দিয়েছিলেন বলে শনিবার রাতে ফেইসবুকে লিখেছেন এই আইনজীবী, যিনি ব্যারিস্টার আরমান নামেও পরিচিত।

ফেইসবুক পোস্টে একটি ভিডিও যুক্ত করে দিয়েছেন তিনি। কমেন্টে জানিয়েছেন জিডি করার কথা। 

পোস্টে আরমান লিখেছেন, "সাহায্যের অনুরোধ— মোবাইল প্রতারণার শিকার হয়েছি। ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জুলাই নিয়ে একটি আয়োজন আমি মোবাইলে লাইভ সম্প্রচার করছিলাম। এমন সময় ওই আয়োজনের আইডি কার্ড পরা এক যুবক এসে বলে, 'ফোনটা আমার হাতে দিন, আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলুন।' আইডি কার্ড দেখে বিশ্বাস করে ফোনটি তার হাতে দিয়ে আমি বর্ণনা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখি সে ফোনসহ উধাও।"

ওই ব্যক্তির কোনো খোঁজ পেলে বা কেউ তাকে চিনতে পারলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ব্যারিস্টার আরমান। 

সংসদ সদস্যের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনি আইনজীবী শিশির মনির ও শিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘুরে ঘুরে প্রদর্শনী দেখছিলেন। এ সময় এক তরুণ এসে 'ফোনটি আমার হাতে দিন স্যার' বলে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। 

ফোনটি তার হাতে দিয়ে ব্যারিস্টার আরমানকে বলতে শোনা যায়, "পরে যেন আপনাকে খুঁজে পাই।” 

এরপর মিনিট খানেক ওই তরুণ ব্যারিস্টার আরমানের সামনে পেছনে ঘুরে ঘুরে লাইভ সম্প্রচারটি চালিয়ে যান। একটু পরেই সম্প্রচার বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে রাত ১টার দিকে শাহবাগ থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার পরিচয় দিয়ে একজন বলেন, এই ঘটনায় একটি জিডি হয়েছে বলে তিনি জেনেছেন।