Published : 08 Jul 2026, 04:27 PM
সংবাদ সম্মেলন স্থায়ী হলো স্রেফ তিন মিনিটের একটু বেশি! এই সময়টুকুর মধ্যেই, শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার কারণ জানিয়ে দিলেন কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জো। সুইজারল্যান্ডের রক্ষণে চাপ দিয়েও নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোল না পাওয়ার কারণ হিসেবে বললেন, দরকারি স্ফুলিঙ্গের অভাব ছিল তাদের আক্রমণভাগে।
ভ্যানকুভারে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষের পর, টাইব্রেকারে সুইসদের কাছে ৪-৩ ব্যবধানে হারে কলম্বিয়া। তাতে ২০১৪ সালের পর, বিশ্বকাপে আরও একবার কোয়ার্টার-ফাইনালে খেলার স্বপ্ন গুঁড়িয়ে যায় তাদের।
ম্যাচ জুড়ে করা ১৫টি শটের, তিনটি লক্ষ্যে রাখতে পারে কলম্বিয়া। কিন্তু কোনোটিই খুঁজে পায়নি জাল। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় লরেঞ্জো বললেন, গোল না পাওয়ার কমতিটুকুই কেবল ছিল তাদের।
“আমাদের যে কমতিটুকু ছিল, নিঃসন্দেহে, সেটা একটা গোল না পাওয়া। শুরু থেকেই আমরা জানতাম, খুবই আঁটসাঁট, কৌশলী এবং সমানে সমান ম্যাচ হতে যাচ্ছে। তারপরও আমি মনে করি, নির্ধারিত ৯০ মিনিটে আমাদের যে তাড়না ছিল এবং যে শটগুলো নিয়েছিলাম, তাতে আরেকটু বেশি প্রাপ্য ছিল আমাদের।
“আমরা ১৫টা শট নিয়েছিলাম। এটা অনেক এবং গোল করতে না পারার মাশুল দিতে হলো। এ নিয়ে বলার কিছু নেই। কখনও বল জালে যায়, কখনও যায় না।”