Published : 08 Jul 2026, 11:29 PM
শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ বছর পর টেস্ট সিরিজ জয়ের আনন্দের মাঝে একটা অস্বস্বিকর খবর পেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্টে মন্থর ওভার-রেটের কারণে তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
অ্যান্টিগায় মঙ্গলবার শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে নির্ধারিত সময়ে দুই ওভার কম করে স্বাগতিকরা। এজন্য তাদেরকে ওই শাস্তি দেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে কম করা প্রতি ওভারের জন্য ওই দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। এক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা হতে পারে ৫০ শতাংশ।
একই সঙ্গে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ওভার কমের জন্য ওই দলের এক পয়েন্ট করে কাটা হয়। তাই ক্যারিবিয়ানদের কাটা পড়েছে ২ পয়েন্ট ও জরিমানা করা হয়েছে খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ।
উইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
পাঁচ দিনে এক হাজার ৪০৮ রান ও ২৮ উইকেট পতনের পর ড্র হয়েছে অ্যান্টিগা টেস্ট। তবে প্রথম টেস্ট জেতায় ১-০তে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
১০ ম্যাচে এক জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ৯ দলের মধ্যে আট নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে শ্রীলঙ্কা। আট ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে চূড়ায় অস্ট্রেলিয়া।