Published : 08 Jul 2026, 11:34 PM
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগর ও জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে বলেছে জেলা প্রশাসন।
এ টিমের সভাপতি হবেন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানপ্রধান মনোনীত একজন শিক্ষক।
কমিটিতে সদস্য হিসেবে থাকবেন প্রতিষ্ঠানপ্রধান মনোনীত একজন অভিভাবক, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা পরিদর্শক (সিটি করপোরেশন এলাকায়) অথবা ইউএনও মনোনীত একজন প্রতিনিধি (উপজেলা এলাকায়) ও দুইজন শিক্ষার্থী।
গত শনিবার ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ দেওয়া হয় বলে জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা জানিয়েছেন।
শিক্ষক-শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, শিক্ষকদের তত্ত্বাবধানে শ্রেণিকক্ষ পরিষ্কার রাখা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের ড্রেন, মাঠ, করিডোর, খালি জায়গা, ফুলের টবসহ এইডিস মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করা, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা-সেমিনার আয়োজনের নির্দেশনাও দিয়েছে জেলা প্রশাসন।