Published : 14 Jul 2026, 09:12 AM
ফ্রান্সের আক্রমণভাগ নিয়ে বেশ অভিজ্ঞতা আছে পাউ কুবার্সির। ক্লাব পর্যায়ে ‘এল ক্লাসিকোয়’ কিলিয়ান এমবাপের মুখোমুখি হয়েছেন একাধিকার। গত প্যারিস অলিম্পিকসের ফাইনালে খেলেছেন দিজিরে দুঁয়ে, মাইকেল ওলিসেদের বিপক্ষেও!
এবার বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ডালাসে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। ১৫ জুলাই ১টায় (এএম) মাঠে গড়াবে ম্যাচটি। আলাদাভাবে নয়, এবার এক ম্যাচেই এমবাপে-দেম্বেলে-ওলিসের মুখোমুখি হতে হবে কুবার্সিকে!
বার্সেলোনায় দেম্বেলের সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়নি কুবার্সির। তবে, কিছুদিন একসঙ্গে অনুশীলন করার অভিজ্ঞতা থেকেই তিনি ফরাসি উইঙ্গারের সামর্থ্য সম্পর্কে ধারণা পেয়েছেন। চলতি বিশ্বকাপে পাঁচ গোল করা এই ফরোয়ার্ডকে নিয়ে ভীষণ সতর্ক তিনি।
“তার সাথে কয়েক দিন অনুশীলন করেছি আমি। তাকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কেননা, সে বহুমুখী। যে কোনো দিক থেকেই আক্রমণ শাণাতে পারে।”
দুঁয়ে, জাঁ-ফিলিপ মাতেতা, ওলিসের বিপক্ষে কুবার্সির অভিজ্ঞতা রোমাঞ্চকর প্রাপ্তির। প্যারিস অলিম্পিকসের ফুটবল ইভেন্টের ফাইনালে ৫-৩ গোলের রুদ্ধশ্বাস সেই জয়ের স্মৃতি এখনও অটুট তার স্মৃতিতে।
“কঠিন একটা ম্যাচ ছিল। আমরা ফ্রান্সের বিপক্ষে, প্যারিসে ১-০ গোলে পিছিয়ে পড়েছিলাম…এরপর ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে এগিয়ে গেলাম। কিন্তু এটাই ফুটবল, তারা সমতা ফেরাল। তখন মনে হচ্ছিল, সবকিছু যেন ভেঙে পড়ছে, আমরা শেষ। কিন্তু দেখার মতো অসাধারণ একটা ফল পেয়েছিলাম আমরা।”
ক্লাব পর্যায়ে এমবাপের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা কুবার্সির জন্য মিশ্র। ক্লাসিকোয় ছয়বার মুখোমুখি হয়েছেন দুজনে। এমবাপের গোল আটকে রাখতে পারেননি তারা, ছয় গোল করেছেন ফরাসি তারকা; কিন্তু ওই ছয় ম্যাচে কুবার্সির বার্সেলোনার জয় পাঁচটিতে।
চলতি বিশ্বকাপেও দুর্বার এমবাপে। এরই মধ্যে আট গোল করেছেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তার সমান গোল আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির। কুবার্সি তাই, এমবাপেকে নিয়ে সবচেয়ে বেশি সতর্ক। যদিও, নিজেদের সামর্থ্যে আস্থার কমতি নেই তার একবিন্দুও।
“ভয় পাচ্ছি না। কিন্তু সবাই এমবাপের মান সম্পর্কে জানে। এমনকি, সে যদি ম্যাচে পুরোপুরি সক্রিয় নাও হয়, দ্রুত গতির এক মুভেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে অনন্য, লামিনের (ইয়ামাল) মতো। পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে হবে আমাদের।”