Published : 14 Jul 2026, 09:52 AM
অনুশীলন পুরোপুরি শেষ হওয়ার আগেই ছেড়ে দেওয়া হলো কিলিয়ান এমবাপেকে। শঙ্কা আর কৌতূহল জেগে উঠল তাতে। আগের ম্যাচে অ্যাঙ্কলে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি আগেভাগেই। প্রশ্নও তাই উঠল, সেমি-ফাইনালে কি দলের সেরা তারকাকে পাচ্ছে ফ্রান্স? কোচ দিদিয়ে দেশোঁ অবশ্য উড়িয়ে দিলেন সব সংশয়।
কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের ২-০ গোলের জয়ে দারুণ গোল করা এমবাপেকে তুলে নেওয়া হয় ম্যাচের ৭৬তম মিনিটে। ডাগআউটে বসে থাকার সময় ডান অ্যাঙ্কলে বরফ লাগাতে দেখা যায় তাকে।
ম্যাচের পর ২৭ বছর বয়সী তারকা বলেছিলেন, তার অ্যাঙ্কলে চোট আছে, তবে সেটা গুরুতর নয়।
কিন্তু সেমি-ফাইনালের আগের দিন অনুশীলন পুরোপুরি শেষ না করায় আবার তাকে ঘিরে তৈরি হয় কৌতূহল। ত সংবাদ সম্মেলনে কোচ বললেন, কোনো দুর্ভাবনা নেই তার সবচেয়ে বড় অস্ত্রকে নিয়ে।
“কিলিয়ান ভালো অনুভব করছে, ভালো আছে। সে শতভাগ ফিট, এর চেয়ে বেশি কিছু হতে পারে না।
সে অনুশীলন করেছে। একটি অনুশীলনে তাকে ১৫ মিনিটের পরিবর্তে ১০ মিনিট করার অনুমতি দেওয়া হয়েছিল। এই তো।”
এবারের বিশ্বকাপে অসাধারণ ফর্মে আছেন এমবাপে। ছয় ম্যাচে আট গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে আপাতত তিনিই। সমান গোল করেছেন লিওনেল মেসিও। তবে আর্জেন্টাইন জাদুকরের চেয়ে অ্যাসিস্ট একটি বেশি ফরাসি রাজপুত্রের।
গোল করা ও করানো মিলিয়ে ১১ গোলে অবদান এখনও পর্যন্ত এমবাপের, ১৯৭৪ আসরে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের পর যা সর্বোচ্চ।
১৯৯৪ থেকে ২০০২ পর্যন্ত টানা তিন বিশ্বকাপে ফাইনালে খেলা ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা তিন ফাইনালে ওঠার লড়াইয়ে আছে ফ্রান্স।