‘প্রবাসী’ মরক্কানদের কাঁধে চেপে ছুটছে মরক্কো
মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জনের মধ্যে ১৪ জন খেলোয়াড়েরই জন্ম দেশের বাইরে।
একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে, ফুটবলের দুনিয়ায় প্রতিষ্ঠিত সব শক্তিকে পরাজিত করে কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গেছে মরক্কো। আফ্রিকার দেশটির এমন অভূতপূর্ব সাফল্যের পেছনে রসদ কী? নিশ্চিতভাবেই দলটির ভয়ডরহীন ফুটবল আর হার না মানা মানসিকতার কৃতিত্ব সবচেয়ে বেশি। আর এর মাঝেই আলাদা করে নজর কাড়ে বিশেষ একটি দিক, ২৬ সদস্যের দলের ১৪ জনেরই জন্ম মরক্কোয় নয়, অন্য কোনো দেশে!
তাদের প্রায় সবার জন্ম বা বেড়ে ওঠা ইউরোপের কোনো দেশে, দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউরোপীয় ফুটবলে। ইউরোপজুড়ে ক্রমবর্ধমান অভিবাসী খেলোয়াড়দের জাতীয় দলে একত্র করে সাফল্যের মঞ্চ তৈরি করেছে মরক্কো।
মরক্কোর অবিশ্বাস্য যাত্রার শুরু বিশ্বকাপের তিন মাস আগে দায়িত্ব নেওয়া কোচ ওয়ালিদ রেগরাগির হাত ধরে। তার কোচিংয়ে প্রথম তিন ম্যাচ অপরাজিত থেকে কাতারে পাড়ি জমানোর পর আসরের শুরুতে তারা ক্রেয়েশিয়াকে রুখে দেয় গোলশূন্য ড্রয়ে। এরপর আরেক শক্তিশালী দল বেলজিয়ামকে ২-০ গোলে এবং কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ওঠে নকআউট পর্বে।
গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া ও ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামের গ্রুপ থেকে মরক্কোর সেরা হওয়া তো দূরের কথা, তাদের নকআউট পর্বে ওঠার পক্ষে বাজি ধরার লোকই বা কজন ছিল?
তবে এই মরক্কো তো এসেছে সব হিসাব-নিকাশ পাল্টে দিতে, রূপকথা লিখতে। স্বপ্নময় পথচলায় শেষ ষোলোয় তারা টাইব্রেকারে হারিয়ে দেয় স্পেনকে আর সবশেষ কোয়ার্টার-ফাইনালে বিদায় করে দিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে।
স্পেনকে হারিয়েই ইতিহাস রচনা করে মরক্কো; প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠার অনন্য কীর্তি। আর ২০১৬ ইউরো জয়ী পর্তুগালকে হারিয়ে তারা লিখল প্রথম আফ্রিকার দল হিসেবে সেমি-ফাইনালে ওঠার নতুন আরেক ইতিহাস।
কানাডায় জন্ম নেওয়া গোলরক্ষক ইয়াসিন বোনো পুরো আসরে এখন পর্যন্ত স্রেফ একটি গোল হজম করেছেন। সেটাও অবশ্য সতীর্থের ভুলে, আত্মঘাতী গোল। মাদ্রিদে জন্ম নেওয়া আশরাফ হাকিমির বেড়ে ওঠা স্পেনে। রাইট-ব্যাক পজিশনে আসর জুড়েই দুর্দান্ত খেলে চলেছেন পিএসজির এই ডিফেন্ডার।
নেদারল্যান্ডসে জন্ম নেওয়া মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত আসরজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন। আক্রমণে বেশ কার্যকর সোফিয়ান বুফালের জন্ম ফ্রান্সে, বেড়ে ওঠাও দেশটিতেই।
বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনের মতো ইউরোপের উন্নত দেশগুলো থেকে মরক্কোর বংশোদ্ভূত খেলোয়াড় খুঁজে বের করাটাকে তারা একটি কাঠামোগত প্রক্রিয়ায় রূপ দিয়েছে। ১৯৯৮ বিশ্বকাপে দলটির হয়ে প্রথম অন্য দেশে জন্ম নেওয়া খেলোয়াড়রা খেলেছিলেন, তবে তখন প্রক্রিয়াটি এখনকার মতো সুশৃঙ্খল ছিল না।
ইউরোপের বিভিন্ন দেশে বৃহত্তম অভিবাসী জনসংখ্যার মধ্যে একটি হলো মরক্কানরা। মরক্কোর প্রবাসীদের নিয়ে কাজ করা দেশটির একটি সরকারি সংস্থার করা জরিপে দেখা গেছে, ইউরোপে বাস করা ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে ৬১ শতাংশ প্রতি বছর মরক্কোতে যান।
রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের ইউরোপের বিভিন্ন প্রান্তে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার সংগঠন রয়েছে। যখনই কোনো খেলোয়াড়ের মরক্কো ও অন্য দেশের মধ্যে একটি জাতীয় দল বেছে নেওয়ার বিষয় থাকে, তখন খুব দ্রুত কাজ শুরু করে দেয় তারা।
নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ফরোয়ার্ড হাকিম জিয়াশ যেমন শুরুতে মরক্কোর পাশাপাশি নেদারল্যান্ডসের ওই সময়ের কোচ রোনাল্ড কুমানের সঙ্গে জাতীয় দল বেছে নেওয়ার বিষয়ে আলাপ করেছিলেন। শেষ পর্যন্ত তিনি বেছে নেন মরক্কোকে।
জিয়াশের মতো আমরাবাতও বয়সভিত্তিক ফুটবলে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছিলেন। সব দিক বিবেচনা করে মনের টানে শেষ পর্যন্ত মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মিডফিল্ডার আমরাবাত।
“আমার বাবা-মা মরক্কোর এবং আমার দাদা-দাদিও মরক্কোর নাগরিক। যতবারই আমি সেখানে যাই, তখন আমার অনুভূতি কেমন হয় তা ভাষায় বর্ণনা করতে পারব না, এটিই আমার বাড়ি। নেদারল্যান্ডসও আমার বাড়ি, কিন্তু মরক্কো বিশেষ কিছু।”
তাদের মনে দেশকে এবার আরও উঁচুতে তোলার স্বপ্ন, লক্ষ্য আরেক নতুন রূপকথার জন্ম দেওয়ার। ফাইনালে ওঠার লক্ষ্যে আগামী বুধবার জিয়াশ-আমরাবাতদের প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
