একটি গোলের অপেক্ষায় রোনালদো ও শাচিরি
বিশ্বকাপে প্রথমবার দেখা হতে যাচ্ছে পর্তুগাল ও সুইজারল্যান্ডের।
পর্তুগাল ও সুইজারল্যান্ডের মুখোমুখি লড়াই এরই মধ্যে হয়ে গেছে ২৫ বার। কিন্তু বিশ্বকাপে এখনও দেখা হয়নি দল দুটির। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে নামবে পর্তুগাল ও সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচে দারুণ একটি রেকর্ড হাতছানি দিচ্ছে পর্তুগাল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও সুইস তারকা জেরদান শাচিরিকে। দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে একবার জালের দেখা পাওয়ার অপেক্ষায় দুই জনই।
কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে দুই দলের আরও কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
* গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। ঘানাকে ৩-২ গোলে ও উরুগুয়েকে ২-০ গোলে হারায় তারা। কিন্তু শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় ২-১ গোলে। ওই ম্যাচে শুরুর একাদশে ছয়টি পরিবর্তন এনেছিলেন ফের্নান্দো সান্তোস।
* ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে জিতে আসর শুরু করা সুইজারল্যান্ড একই ব্যবধানে হারে ব্রাজিলের কাছে। শেষ ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে তারা নিশ্চিত করে শেষ ষোলো।
* ২০১৬ ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগাল এখন পর্যন্ত একবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। বিশ্ব মঞ্চে তাদের অভিষেক ১৯৬৬ সালে। প্রথম আসরেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় দলটি। শিরোপাধারী ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দেয় তারা। তিন ম্যাচের তিনটিই জিতে পরের ধাপে জায়গা করে নেয়।
* ওই আসরেই সেমি-ফাইনাল খেলে পর্তুগাল। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে শেষ হয় তাদের পথচলা। পরে সোভিয়েত ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয় পর্তুগিজরা। এখন পর্যন্ত বিশ্বকাপে যা তাদের সেরা সাফল্য। ২০০৬ সালেও সেমি-ফাইনাল খেলে তারা।
* ২০১০ ও ২০১৮ আসরে শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল। ১৯৮৬, ২০০২ ও ২০১৪ সালে তো গ্রুপ পর্বই পার হতে পারেনি তারা।
* বিশ্বকাপে গত চার আসরের তিনটিতে নকআউট পর্বে খেলেছে সুইজারল্যান্ড। তবে ১৯৫৪ সালের পর আর কোয়ার্টার-ফাইনালে উঠতে পারেনি দলটি।
* একটি গোল করলেই রোনালদো ছুঁয়ে ফেলবেন বিশ্ব মঞ্চে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করা ইউসেবিওকে। এই কিংবদন্তি ৯টি গোলই করেছিলেন ১৯৬৬ সালের বিশ্বকাপে। ওই একটি আসরেই খেলেছিলেন তিনি।
* সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলকে শুরুতে এগিয়ে নেন জেরদান শাচিরি। সুইজারল্যান্ডের হয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি আসরে গোল করার কীর্তি এখন তার। ২০১৪ ও ২০১৮ সালেও জালের দেখা পেয়েছিলেন তিনি।
* আর একটি গোল করলেই বিশ্বকাপে সুইজারল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ভাগ বসাবেন জেরদান শাচিরি। দেশটির হয়ে ৬ গোল করে এই কীর্তি এখন পর্যন্ত জেপ হুয়েজির। ১৯৫৪ আসরেই সবকটি গোল করেছিলেন তিনি।
* এখন পর্যন্ত সুইজারল্যান্ড ও পর্তুগাল মুখোমুখি হয়েছে ২৫ ম্যাচে। যেখানে এগিয়ে সুইসরা, ১১ বার পর্তুগিজদের হারিয়েছে তারা। পর্তুগালের জয় ৯ ম্যাচে, বাকি ৫টি ড্র।
* দুই দলের সবশেষ দেখা উয়েফা নেশন্স লিগে, গত জুনে। লিসবনে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে হারায় পর্তুগাল। সপ্তাহ খানেক পর জেনেভায় সুইসরা জেতে ১-০ গোলে।
* বিশ্বকাপে এর আগে একবারও মুখোমুখি হয়নি পর্তুগাল ও সুইজারল্যান্ড।
