‘বাসায় সশস্ত্র হামলা’, বিশ্বকাপ ছেড়ে দেশে স্টার্লিং
কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন তিনি, তা এখনও অনিশ্চিত।
পরিবারের কঠিন সময়ে পাশে থাকতে কাতার বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড রাহিম স্টার্লিং।
বিসিবি জানায়, স্টার্লিংয়ের বাসায় সশস্ত্র হামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
শেষ ষোলোয় সেনেগালকে ৩-০ গোলে গুঁড়িয়ে দেওয়া ইংলিশ দলের কোচ গ্যারেথ সাউথগেট আইটিভিকে নিশ্চিত করেন, দল ছেড়ে গেছেন স্টার্লিং।
“সে বাড়ি যাচ্ছে। নিশ্চিতভাবেই পরিবারের সঙ্গে থাকা হলো সবার আগে। আমরা এটাকে সমর্থন করতে চাই। তার যতটা সময়ের প্রয়োজন আমরা তাকে সেটা দিতে চাই।”
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে খেলেন স্টার্লিং। ইরানের বিপক্ষে ৬-২ ব্যবধানে জেতা ম্যাচে একটি গোলও করেন তিনি। ওয়েলসের বিপক্ষে তাকে নামাননি কোচ। এবার সেনেগালের সঙ্গে তো দলেই ছিলেন না তিনি।
আগামী শনিবার ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে লড়াই করবে ইংল্যান্ড। বিশ্বকাপ চালাকালে স্টার্লিংকে পাওয়ার সম্ভাবনা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সাউথগেট।
“আমি সত্যিই এই মুহূর্তে কিছু জানি না। এটা এমন একটি পরিস্থিতি, (পারিবারিক সমস্যা সামলাতে) তার সময়ের প্রয়োজন। মাঝে মধ্যে ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, পরিবার সবার আগে আসা উচিত।”
বিশ্বকাপ স্কোয়াড ছেড়ে দেশে ফেরা ইংল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড় স্টার্লিং। এর আগে পারিবারিক কারণে দলটির ডিফেন্ডার বেন হোয়াইটও একই কাজ করেন।
