২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সিপিবি কার্যালয়ে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

“বাংলাদেশের মত দেশে আসলে খুব স্বাভাবিক অবস্থায় যেতে সময় নেবে। অর্থনীতি থেকে শুরু করে আমাদের সব সিস্টেমের মধ্যেও কিছু ঘটনা ঘটে যেতে পারে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 04:32 PM

Updated : 27 Oct 2026, 04:32 PM

দেশে ব্যবস্থা ঠিকঠাক থাকার পরও অপরাধমূলক কিছু ঘটনা ‘ঘটে যেতে পারে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

তবে সিপিবির কার্যালয়ে হামলাসহ এ ধরনের অপরাধের ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন উপদেষ্টা।

একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, দেশে মব সহিংসতা থামছে না, সোমবারও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলা হয়েছে। সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন?

এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা ঠেকানোর জন্য সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা রয়েছে। তাদের তৎপরতায় অনেক অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়।

তিনি বলেন, “আসলে যেটা ঘটে নাই, আমরা আসলে এটা বলতে পারি না, পয়েন্টটা একটু বুঝুন, ধরেন পুলিশেরই একটা প্রি-এম্পটিভলি অপরাধ বোঝার মত একটা সংস্থা আছে, এসবি। এর সাহায্যে এর রিপোর্টের ভিত্তিতে প্রচুর অপরাধ আসলে ঠেকানো হয়।

“এরপরও প্রত্যেকটা দেশে, বাংলাদেশের মত দেশে আসলে খুব স্বাভাবিক অবস্থায় যেতে সময় নেবে। অর্থনীতি থেকে শুরু করে আমাদের সব সিস্টেমের মধ্যেও কিছু ঘটনা ঘটে যেতে পারে। আমি বলছি না ঘটনা ঘটা উচিত, তবে ঘটে যেতে পারে। দেখার ব্যাপার হবে সরকার সেখানে ব্যবস্থা নিচ্ছে কি না।”

উপদেষ্টা বলেন, "সিপিবির অফিস হোক বা হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে হামলা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে। যখন ব্যবস্থা নিতে থাকে সরকার, তখন যেটা দাঁড়ায়, এই ধরনের অপরাধ প্রবণতা কমে, এটাই হচ্ছে মূল বিষয়।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সোমবার রাতে রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা করা হয়।

স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীই এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা।

ওই ঘটনায় সরকার কী ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে উপদেষ্টা জাহেদ বলেন, "নিশ্চয় নেবে, এটা ফৌজদারি অপরাধ, কেন নেবে না?"

পুরনো খবর:

আওয়ামী লীগ আখ্যা দিয়ে সিপিবি কার্যালয়ে হামলা