২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়েকে শেষ ষোলোয় দেখতে চান গ্রিজমান

লাতিন আমেরিকার দেশটির প্রতি আগেও ভালো লাগার কথা বলেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

Published : 02 Dec 2022, 04:08 PM

Updated : 02 Dec 2022, 04:08 PM

উরুগুয়ের জন্য আলাদা একটা টান কাজ করে অঁতোয়ান গ্রিজমানের। দেশটির প্রতি ভালো লাগার কথা আগেও বলেছেন তিনি। বিশ্বকাপে প্রতিপক্ষ হলেও লাতিন আমেরিকার দলটিকে নকআউট পর্বে দেখতে চান ফরাসি এই ফরোয়ার্ড। 

কাতার আসরে উরুগুয়ের ম্যাচগুলো বেশ ভালোভাবেই অনুসরণ করছেন গ্রিজমান। তার আশা, দিয়েগো আলোনসোর কোচিংয়ে শেষ ষোলোয় জায়গা করে নেবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

বিশ্ব মঞ্চে এবার শুরুটা ভালো হয়নি উরুগুয়ের। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করা দলটি গত সোমবার হেরে যায় পর্তুগালের কাছে। ওই ম্যাচটি দেখেছেন গ্রিজমান। 

‘এইচ’ গ্রুপ থেকে টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে আছে বাকি তিনটি দলই। ১ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা উরুগুয়ের পরের ধাপে যেতে জয়ের বিকল্প নেই। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা ঘানার মুখোমুখি হবে তারা শুক্রবার। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু ম্যাচটি।   

ইএসপিএন-কে গ্রিজমান বলেন, উরুগুয়ে যেন শেষ ষোলোয় উঠে খুব করে চাইছেন তিনি। 

“আমি প্রচণ্ড স্নায়ুচাপ নিয়ে পুরো খেলা (উরুগুয়ে-পর্তুগাল ম্যাচ) দেখেছি। আশা করি তারা পরের ধাপে উঠবে…” 

উরুগুয়ের ডিফেন্ডার দিয়েগো গদিনের সঙ্গে আতলেতিকো মাদ্রিদে খেলেছেন গ্রিজমান। সাবেক সতীর্থকে হাঁটুর চোটের সঙ্গে লড়াই করতে দেখেছেন তিনি। চোটকে হারিয়ে এখন বিশ্বকাপে খেলছেন গদিন, দেখে বেশ ভালো লাগছে গ্রিজমানের। 

“মাদ্রিদে তাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি আমি। তার হাঁটুতে অনেক ব্যথা ছিল। দিন শেষে, সে বিশ্বকাপে খেলছে এবং এটায় আমি গর্বিত।” 

উরুগুয়ের হোসে মারিয়া হিমেনেসে সঙ্গে আতলেতিকো মাদ্রিদে খেলছেন ৩১ বছর বয়সী গ্রিজমান। মাদ্রিদের দলটিতে আগে ছিলেন ক্রিস্তিয়ান রদ্রিগেস। দুই জনের সঙ্গেই ফরাসি ফরোয়ার্ডের ভালো বন্ধুত্ব গড়ে ওঠে।