১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ফেইসবুক ফিড অপছন্দ? কী দেখতে চান, জানতে চায় মেটা

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সুপারিশকৃত ফিডে ঠিক কী দেখতে চান আর কী দেখতে চান না তা আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারবেন।

ফেইসবুক ফিড অপছন্দ? কী দেখতে চান, জানতে চায় মেটা

আপডেটটি এ বছরের শুরুতে ইনস্টাগ্রামে আনা একটি পরিবর্তনেরই রূপ। ছবি: মেটা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 02:11 PM

Updated : 15 Oct 2026, 02:11 PM

ফেইসবুক ফিড বা রিলস স্ক্রল করতে করতে হুট করেই এআই দিয়ে তৈরি তারকাদের অদ্ভুত ও ভুয়া বিজ্ঞাপন বা নানা পোস্টে ফিড ভরে যাওয়ার অভিজ্ঞতা নিশ্চয়ই অনেকের হয়েছে। ব্যবহারকারীদের এ বিরক্তি দূর করতে নতুন টুল আনছে মেটা।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, কোম্পানিটি নতুন এক অ্যালগরিদম পারসোনালাইজেশন ফিচার চালু করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সুপারিশকৃত ফিডে ঠিক কী দেখতে চান আর কী দেখতে চান না তা আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারবেন।

নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো ফিড পোস্ট বা রিলসে গিয়ে ‘ইয়োর অ্যালগরিদম’ নামের একটি নতুন মেনু দেখতে পাবেন।

সেখান থেকে তারা নির্দিষ্ট কোনো বিষয়কে নিজেদের পছন্দের তালিকায় যোগ করতে বা ‘নট ইন্টারেস্টেড’ তালিকায় রাখতে পারবেন।

এ ছাড়া, সেখানে একটি অপশন বা বক্স থাকবে, যেখানে মেটা ব্যবহারকারীদের নিজ ভাষায় লিখে দেওয়ার অনুরোধ জানাবে যে তারা আসলে তাদের ফিডে ঠিক কী ধরনের কনটেন্ট দেখতে চান।

আপডেটটি এ বছরের শুরুতে ইনস্টাগ্রামে আনা একটি পরিবর্তনেরই রূপ। মেটা বলেছে, তাদের র‍্যাংকিং সিস্টেমে এখন ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ বা এলএলএম ব্যবহার করার ফলেই এমন আপডেট আনা সম্ভব হয়েছে।

“কেবল আপনি ফেইসবুকে কী দেখছেন বা কিসে সময় দিচ্ছেন তা দেখে পছন্দের ধরণ অনুমান করার পরিবর্তে এখন এলএলএম ব্যবহারকারীর স্বাভাবিক ভাষার অড়ালে থাকা আগ্রহ, পটভূমি ও উদ্দেশ্য বুঝতে পারে। ফলে এমন এক অ্যালগরিদম তৈরি হচ্ছে, যার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পারবেন।”

তবে পরিবর্তনটি এখনও সবার অ্যাপে এসে পৌঁছায়নি। ইনস্টাগ্রামে এই ফিচারের যে সংস্করণটি এসেছিল তাতে কিছু সীমাবদ্ধতা ছিল। যেমন, পছন্দের তালিকায় ‘অনুসরণ করা অ্যাকাউন্টের পোস্ট’ যোগ করা বা বিজ্ঞাপনের সংখ্যা কমানোর কোনো সুযোগ সেখানে ছিল না।

ফেইসবুক ফিডে স্প্যাম ও ভুয়া পোস্টের ছড়াছড়ি কমাতে মেটার আগের বিভিন্ন উদ্যোগের কথা বিবেচনায় রাখলে ব্যবহারকারীরা এবার ‘কম এআইনির্মিত কনটেন্ট’ বা ‘রেডিট থেকে হুবহু কপি করা পোস্ট বন্ধ করো’ এমন সার্বিক পরিবর্তনের সুযোগ পাবেন কি না তা দেখার বিষয়।

তবে নতুন আপডেটে ফেইসবুকে জানিয়ে দেওয়া যাবে, নির্দিষ্ট কোনো খটকা লাগা বিষয়ে ব্যবহারকারীর বিন্দুমাত্র আগ্রহ নেই!