২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ শটের আগে মেয়ের কথা ভাবছিলেন লাউতারো মার্তিনেস

চাপের মুখে থাকলেও নিজের সামর্থ্যে বিশ্বাস হারাননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

Published : 10 Dec 2022, 03:36 PM

Updated : 10 Dec 2022, 04:53 PM

এনসো ফের্নান্দেস জয় নিশ্চিত করার প্রথম সুযোগটা হাতছাড়া করায় ভীষণ চাপে ছিলেন লাউতারো মার্তিনসে। তিনিও ব্যর্থ হলে আরেকটি সুযোগ পেয়ে যাবে নেদারল্যান্ডস! এই পরিস্থিতিতে টাইব্রেকারের শেষ শট নেওয়া খুবই স্নায়ু চাপের। সেই সময়ে শান্ত থাকতে আর্জেন্টাইন স্ট্রাইকার ভাবছিলেন মেয়ের কথা। কাজও হয় এতে, ঠাণ্ডা মাথায় খুঁজে নেন জাল। খুব বেশি কিছু করার ছিল না ডাচ গোলরক্ষকের।

এমনিতে আর্জেন্টিনার প্রথম পছন্দের স্ট্রাইকার মার্তিনেস। তবে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচের পর তার জায়গায় হুলিয়ান আলভারেসকে খেলাচ্ছেন লিওনেল স্কালোনি।

বদলি নেমে মার্তিনেস হাতছাড়া করেন সহজ কিছু গোলের সুযোগ। বিশ্বকাপে এখনও পাননি জালের দেখা। নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হিসেবে নামার সময় বেশ চাপেই ছিলেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

টাইব্রেকারে শেষ শটের জন্য তার উপরই আস্থা রাখেন স্কালোনি। আস্থার প্রতিদান ভালোভাবেই দেন মার্তিনেস। সেই শট নেওয়ার সময় তার মাথায় কি খেলছিল?

“আমি কোপা আমেরিকার মতোই এখানেও ভাগ্য নির্ধারণী পেনাল্টি নিয়েছি। (পেনাল্টি নিতে) হাঁটার সময় আমি খুব শান্ত ছিলাম, কারণ আমি আমার কাজকে বিশ্বাস করি, এজন্য কাজ করি। আমি দিনে দিনে উন্নতি করতে চাই এবং সেসব লোকেদের আনন্দ দিতে চাই যারা আমাদের দেখছে।”

“আমি আমার মেয়ের কথা ভাবছিলাম, কোভিড মহামারীর সময় যার জন্ম হয়েছিল এবং এটি আমার জীবনকে বদলে দিয়েছে। আমি কোনো কথায় কান দিই না, আমি মাথা নিচু করে কাজ করি। কখনও কখনও তা কাজে দেবে, কখনও দেবে না, কিন্তু আমার এখানে থাকার যোগ্যতা আছে।”

লুসাইল স্টেডিয়ামে গত শুক্রবার আর্জেন্টিনা ও ডাচদের কোয়ার্টার-ফাইনালের লড়াই নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।