১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

কিংবদন্তিদের মাঝে জায়গা পেয়ে ‘বিশ্বাস হচ্ছে’ না বার্টির

মাত্র ২৫ বছর বয়সে অবসর নেওয়ায় কোনো আক্ষেপ নেই এই অস্ট্রেলিয়ানের, কোর্টে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দিলেন তিনি।

কিংবদন্তিদের মাঝে জায়গা পেয়ে ‘বিশ্বাস হচ্ছে’ না বার্টির

অ্যাশলি বার্টি। ছবি: বার্টির ইনস্টাগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 05:30 PM

Updated : 19 Nov 2026, 05:30 PM

আন্তর্জাতিক টেনিসের ‘হল অব ফেম’-এ নিজের যুক্ত হওয়ার খবর শুনে যেন বিশ্বাস করতে পারছেন না অ্যাশলি বার্টি।

আগামী অগাস্টে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে একটি অনুষ্ঠান আয়োজন করে মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর তারকা এবং তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী বার্টিকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে।

যেখানে আগে থেকেই আছেন রজার ফেদেরার, বিলি জিন কিং ও মার্গারেট কোর্টের মতো কিংবদন্তি খেলোয়াড়রা।

গ্রেটদের এই তালিকায় নিজের নাম যুক্ত হওয়াটা যেন অস্বাভাবিক ঠেকছে বার্টির।

“(খবরটি শুনে) আমি খুব, খুব সম্মানিত ও গর্বিত বোধ করছি। আর সত্যি বলতে, (নিজের ক্যারিয়ার বিবেচনায়) কিছুটা অবিশ্বাস্যও লাগছে, মনে হচ্ছে, আমি এখানে যুক্ত হওয়ার যোগ্য না।

“হল অব ফেম তো আমাদের খেলার সত্যিকারের কিংবদন্তিদের জন্য, এবং আমি যে এখানে থাকতে পারি, বিষয়টায় আমি ঠিক নিশ্চিত না।”

২০১৯ সালের ফরাসি ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পান বার্টি। দুই বছর পর উঁচিয়ে ধরেন উইম্বলডন ট্রফি। আর ২০২২ সালের শুরুতে জয় করেন অস্ট্রেলিয়ান ওপেন, এবং এককে তৃতীয় গ্র্যান্ড স্ল্যামটি জয়ের দুই মাস পরই মাত্র ২৫ বছর বয়সে সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে, ৪৪ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার প্রথম পুরুষ বা নারী খেলোয়াড় হিসেবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে শিরোপা জয়ের কীর্তি গড়েছিলেন বার্টি।

পেশাদার ক্রিকেটেও পা পড়েছে বার্টির। ২০১৪ সালে টেনিসে বিরতি নেওয়ার সময়টায় মেয়েদের বিগ ব্যাশে খেলেন তিনি।

দ্বিতীয় অস্ট্রেলিয়ান আদিবাসী হিসেবে হল অব ফেমে যুক্ত হতে যাচ্ছেন বার্টি। প্রথম জন হলেন ইভন গুওলোগং কোওলি, নারী এককে সাতটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি।

এখন দুই সন্তানের মা বার্টি ভবিষ্যতে অবসর ভেঙে কোর্টে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, পরিবার নিয়ে তিনি সুখে আছেন।

“আমি হয়তো (হল অব ফেমে আমার অন্তর্ভুক্তির খবরটা) আমার দলকে জানানোর নিয়ে বেশি রোমাঞ্চিত। কারণ আমার মনে হয়, এটা যতটা আমার অর্জন, ঠিক ততটাই তাদের।

“আমার সন্তানরা জানেও না যে, আমি টেনিস খেলতাম। আমি নিশ্চিত, আগামী বছরে ওই অনুষ্ঠান দেখে তারা অবাক হবে, এসব কী হচ্ছে।”