২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স বিশ্বকাপ দলে এনকুনকুর বদলি মুয়ানি

জাতীয় দলের সঙ্গে দুই দিন পর যোগ দেবেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার মুয়ানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2022, 06:05 PM

Updated : 16 Nov 2022, 06:05 PM

বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন আনতে হলো ফ্রান্সকে। হাঁটুর চোটে ছিটকে পড়া ক্রিস্তোফা এনকুনকুর বদলি হিসেবে রন্দাল কোলো মুয়ানিকে দলে যোগ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

এক বিবৃতিতে বুধবার এই পরিবর্তনের কথা জানায় ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

দলের সঙ্গে মঙ্গলবার অনুশীলনের সময় বাঁ হাঁটু মচকে যায় ২৫ বছর বয়সী স্ট্রাইকার এনকুনকুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও-তে দেখা যায় সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গার সঙ্গে সংঘর্ষ হয় লাইপজিগ তারকা এনকুনকুর। সঙ্গে সঙ্গে অনুশীলন ছেড়ে যান তিনি।

দলে আসা স্ট্রাইকার মুয়ানির গত সেপ্টেম্বরে নেশন্স লিগের ম্যাচ দিয়ে ফ্রান্স জাতীয় দলে অভিষেক হয়। এখন পর্যন্ত অস্ট্রিয়া ও ডেনমার্কের বিপক্ষে খেলে কোনো গোল করতে পারেননি তিনি।

জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে চলতি মৌসুমটা ভালোই কাটছে মুয়ানির। সব প্রতিযোগিতা মিলিয়ে এবার ২৩ ম্যাচ খেলেছেন। যেখানে ৮ গোল করার পাশাপাশি ১১টিতে অ্যাসিস্ট করেছেন তিনি।

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে এখন জাপানে আছেন ২৩ বছর বয়সী মুয়ানি। জাতীয় দলের সঙ্গে বৃহস্পতিবার সকালে দোহায় যোগ দেবেন বলে জানায় এফএফএফ।

এর আগে গত সোমবার হ্যামস্ট্রিং চোটে পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বেকে হারায় ফ্রান্স। ওইদিনই পরে দুই জনকে বিশ্বকাপ দলে যোগ করে ২০১৮ আসরের চ্যাম্পিয়নরা। ডাক পান বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার মার্কাস থুরাম ও মোনাকো ডিফেন্ডার আক্সেল দিসাসি।

আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের এবারের বিশ্বকাপে যাত্রা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনেসিয়া।