২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ইতিহাস গড়া নিয়ে ভাবছেন না দেশম

নিজের রেকর্ড গড়ার চেয়ে ফ্রান্স কোচের ভাবনা কেবলই দল নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 12:15 AM

Updated : 21 Dec 2022, 05:54 PM

খেলোয়াড় ও কোচ হিসেবে একবার করে বিশ্বকাপ জয়ী দিদিয়ে দেশমের সামনে হাতছানি অসাধারণ এক কীর্তি গড়ার। ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে প্রথম কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জিতবেন এই ফরাসি।  

১৯৯৮ সালে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স। ওই দলের অধিনায়ক ছিলেন দেশম। ২০১২ সালে দেশের জাতীয় দলের কোচ হন সাবেক এই মিডফিল্ডার। এরপর তার হাত ধরেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় এমবাপে-জিরুদরা। 

শিরোপা ধরে রাখার অভিযানে নজরকাড়া পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। আগামী রোববার লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফরাসিরা। 

ফ্রান্স জিতলে ফুটবল ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে কোচ হিসেবে দুটি ও খেলোয়াড় হিসেবে একটি বিশ্বকাপ জেতার খেতাব অনন্য কীর্তি গড়বেন দেশম। 

নতুন ইতিহাস লেখার দ্বারপ্রান্তে থাকলেও এসব নিয়ে একেবারেই ভাবতে নারাজ দেশম। তার মতে, ব্যক্তিগত অর্জন ছাপিয়ে দলগত সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

“এখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ নই, দল গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি গর্বিত এবং আমরা সবাই জানি যে ফাইনালে আমাদের শিরোপা ধরে রাখার সুযোগ আছে।” 

“এর মধ্যেই আমরা দুর্দান্ত কিছু করেছি৷ রোববার যেন আরও খুশি হতে পারি, তা নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সবকিছুই করব। আমি সত্যিই নিজেকে নিয়ে ভাবি না। যে সাফল্য আমরা পেয়েছি, তাতে আমি সন্তুষ্ট।” 

দেশমের আগে কোচ হিসেবে টানা দুটি বিশ্বকাপে দলকে ফাইনালে নিয়ে গেছেন ভিত্তোরিও পোৎসো (ইতালি), কার্লোস বিলার্দো (আর্জেন্টিনা) এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (পশ্চিম জার্মানি)। এর মধ্যে বিলার্দো ও বেকেনবাওয়ার একটি করে ফাইনালে হেরেছেন। 

তাই আসছে ফাইনালে ফ্রান্স জিতলে, ১৯৩৪ ও ১৯৩৮ আসরে ইতালিকে টানা দুটি বিশ্বকাপ জেতানো পোৎসোর পর প্রথম কোচ হিসেবে টানা দুবার বিশ্ব সেরা হওয়ার স্বাদ পাবেন দেশম।