আলোয় রাঙা অভিষেক কোডি হাকপোর
বিশ্ব মঞ্চে নিজের প্রথম ম্যাচে গোল করে দলের জয়ে বড় অবদান রাখলেন এই তরুণ ফরোয়ার্ড।
এই মৌসুমে ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্ম বিশ্বকাপেও বয়ে আনলেন কোডি হাকপো। দলের সামনে শঙ্কা জেগেছিল পয়েন্ট হারানোর। ত্রাণকর্তা হয়ে এলেন তরুণ এই ফরোয়ার্ড। দারুণ এক হেডে গোল করে দলের জয়ে রাখলেন বড় অবদান। রাঙালেন বিশ্ব মঞ্চে নিজের অভিষেক।
আট বছর পর বিশ্বকাপে ফেরার ম্যাচে সোমবার রাতে দোহার আল থুমামা স্টেডিয়ামে সেনেগালকে ২-০ গোলে হারায় নেদারল্যান্ডস। ম্যাচ সেরার পুরস্কার ওঠে হাকপোর হাতে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৮৪তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে ছুটে গিয়ে ছয় গজ বক্সের মুখে অসাধারণ হেডে দলকে এগিয়ে নেন হাকপো। আর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ডেভি ক্লাসেন।
২০২২-২৩ মৌসুমে ইউরোপে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের (২৬) চেয়েও বেশি গোলে জড়িয়ে আছে হাকপোর নাম (২৯)। বিশ্বকাপের আগে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ১৫টি, অ্যাসিস্ট ১৪টি। এই সময়ে হলান্ড ২৩ গোল করলেও তিনি সতীর্থদের দিয়ে করাতে পেরেছেন কেবল তিনটি।
নেদারল্যান্ডসের বয়সভিত্তিক বিভিন্ন দল পেরিয়ে জাতীয় দলে হাকপোর অভিষেক হয় গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে, নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে। প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান বিশ্বকাপ বাছাইয়ে মন্টেনেগ্রোর বিপক্ষে।
এবার বিশ্বকাপ অভিষেকটাও দারুণ হলো ২৩ বছর বয়সী এই ফুটবলারের।
