সবচেয়ে বেশি বয়সি বিশ্বকাপজয়ী ফুটবলারের চিরবিদায়
৯৪ বছর বয়সে মারা গেছেন ব্রাজিলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জিনো সানি।
ব্রাজিলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী ফুটবলার জিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার মারা গেছেন সাবেক এই মিডফিল্ডার।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) সোমবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়। এতদিন তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সি জীবিত বিশ্বকাপজয়ী ফুটবলার।
সিবিএফ সভাপতি সামির শাউদ বলেন, “আমাদের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নদের একজনকে হারালাম আমরা। ১৯৫৮ সালে জিনো সানি ব্রাজিলিয়ান জাতীয় দলের ইতিহাসে নিজের নাম খোদাই করে গেছেন। সেলেসাওদের গ্রেটদের তালিকায় তার নাম চিরকাল রয়ে যাবে।”
ব্রাজিল জাতীয় দলের হয়ে জিনো ২৪টি ম্যাচ খেলে গোল করেন চারটি। ১৯৫৮ বিশ্বকাপে তিনি দলের প্রথম দুটি ম্যাচে খেলেন- অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে এবং ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে। এরপর পেশির চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে পড়েন তিনি।
নিখুঁত পাস, চমৎকার ফ্রি-কিক এবং রক্ষণভাগকে সুরক্ষিত রাখার অসাধারণ সামর্থ্যের কারণে তার প্রজন্মের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হতো তাকে।
ব্রাজিলের ক্লাব সাও পাওলোর হয়ে ৩২৪ ম্যাচ খেলে ১১৩ গোল করেন জিনো। এই ক্লাবে থাকাকালীনই ডাক পান ১৯৫৮ বিশ্বকাপের ব্রাজিল দলে।
১৯৬০ থেকে ১৯৬১ সালের মধ্যে তিনি আর্জেন্টিনায় গিয়ে বোকা জুনিয়র্সের হয়ে খেলেন; সেখান থেকে পাড়ি জমান ইতালির ক্লাব এসি মিলানে। সেখানে ১৯৬১–৬২ মৌসুমে সেরি আ এবং ১৯৬২–৬৩ মৌসুমে ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের স্বাদ পান তিনি।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর এক ডজনের বেশি ক্লাবকে কোচিং করান জিনো। কাতার জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেন তিনি।
