২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

টানা তৃতীয়বার সেরা তরুণের পুরস্কার ইয়ামালের

মৌসুমজুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়ার একটা স্বীকৃতি পেলেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

টানা তৃতীয়বার সেরা তরুণের পুরস্কার ইয়ামালের

লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 03:17 AM

Updated : 27 Oct 2026, 03:20 AM

বর্ষসেরা ফুটবলারের লড়াইয়েও আছেন লামিন ইয়ামাল। সেটা তিনি পাবেন কি না, সময়ই বলে দেবে। তবে এর আগেই একটি স্বীকৃতি পেলেন বার্সেলোনার এই বিশ্বকাপজয়ী স্প‍্যানিশ ফরোয়ার্ড। পুরুষ বিভাগে টানা তৃতীয়বারের মতো ব্যালন দ’রের বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হলেন তিনি।

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়, যেটির কেতাবি নাম ‘কোপা ট্রফি।’

২০১৮ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। ইয়ামাল ছাড়া আর কেউ একবারের বেশি জিততে পারেননি।

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপ দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ইয়ামাল। পরে স্পেনের বিশ্বকাপ জয়ের অভিযানেও খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন এই তরুণ।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৫৭ ম্যাচ ২৫টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেন ১৯ বছর বয়সি ইয়ামাল।

তিনি মনে করেন, এই পুরস্কার পাওয়া উচিত ছিল বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা তার সতীর্থ ডিফেন্ডার পাউ কুবার্সির।

“এখানে উপস্থিত থাকতে পারা এবং এই পুরস্কার গ্রহণ করতে পারা সম্মানের। তৃতীয়বার এই পুরস্কার জিতলাম। আমার ক্লাব এবং আমার জাতীয় দলকে ধন্যবাদ জানাতে চাই।

“আমার সতীর্থ কুবার্সি এটা জিতলে আমার ভালো লাগত। কারণ, আমি মনে করি এই পুরস্কারটি তার পাওয়া উচিত। সে বেশ অনেক দিন ধরে দারুণ একটি স্তরে খেলছে।”

টানা দ্বিতীয়বারের মতো নারী বিভাগে এই পুরস্কার জিতেছেন বার্সেলোনার ভিকি লোপেস।