২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘ব্যলন দ’র ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ইয়ামাল’

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের বিশ্বাস, ভবিষ্যতে ব্যক্তিগত ও দলীয় অর্জনে অনেক সমৃদ্ধ হবেন লামিন ইয়ামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 11:26 AM

Updated : 28 Oct 2026, 11:26 AM

গতবার দ্বিতীয়, এবার তৃতীয়। পরপর দুই বছর আশা জাগিয়েও লামিন ইয়ামাল জিততে পারেননি ব্যালন দ’র। তবে তার হতাশার কোনো কারণই দেখছেন না লুইস দে লা ফুয়েন্তে। স্পেন কোচের বিশ্বাস, ব্যক্তিগত ও দলীয় অনেক ট্রফি জিতবেন বার্সেলোনার এই তরুণ তারকা।

এবারের ব্যালন দ’র জয়ের লড়াইয়ে ফেভারিটদের একজন ছিলেন ইয়ামাল। শেষ পর্যন্ত তাকে ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নেন হ্যারি কেইন।

ইয়ামাল সেরা হতে না পারলেও স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে সেরা কোচের পুরস্কার জিতেছেন দে লা ফুয়েন্তে। পরে তিনি বড় আশার কথা শোনালেন ইয়ামালকে নিয়ে।

“লামিন ইয়ামাল নিশ্চিতভাবেই ব্যালন দ’অর পুরস্কার অনেকবার জিতবে, অনেক ব্যক্তিগত ট্রফি জিতবে। তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে আরও অনেক দলীয় ট্রফি জিতবে। আমি জানি, সে দলীয় সাফল্যকেই অনেক বেশি গুরুত্ব দেয়।”

১৯ বছর বয়সী ইয়ামাল এর মধ্যেই ইউরো ও বিশ্বকাপ জিতেছেন। বার্সেলোনার হয়ে জিতে ফেলেছেন তিনটি লা লিগা। গত মৌসুমে কাতালানদের হয়ে ২৫টি গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ২০ গোলে। লিগ শিরোপার পাশাপাশি স্প্যানিশ সুপার কোপাও জিতে নেয় তার ক্লাব।

দে লু ফুয়েন্তের মতে, ব্যালন দ’রের জন্য অস্থির না হয়ে প্রক্রিয়া অনুসরণ করা উচিত ইয়ামালের।

“তাকে শান্ত থাকতে হবে, কারণ আমরা জানি সে কে, সে কেমন এবং সে কীসের প্রতিনিধিত্ব করে।

‘আমরা জানি, তার মধ্যে কী সম্ভাবনা রয়েছে, সে কতটা দুর্দান্ত ফুটবলার এবং সে কতটা অসাধারণ মানুষ।”

ব্যালন দ’র পুরস্কার আয়োজন থেকে খালি হাতে ফেরেননি ইয়ামাল। টানা তৃতীয়বার তিনি জিতেছেন বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার, যেটি দেওয়া হয় ২১ বছরে কম বয়সীদের জন্য।

ইয়ামালের এই অর্জনেই উচ্ছ্বসিত বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। তার বিশ্বাস, পরেরবারই ব্যালন দ’র জিতবেন তার ক্লাবের তারকা।

“লামিন যা করেছে তা অনন্য। টানা তৃতীয়বারের মতো সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছে সে। আমরা তার জন্য খুব গর্বিত। সে সবকিছুরই যোগ্য। আগামী বছর এই পুরস্কারটি জেতার জন্য আমরা সবাই তাকে আরও বেশি অনুপ্রাণিত করব ও সহায়তা করব।”