ইসাক ও হাকপোকে ছাড়াই সিটির সামনে লিভারপুল
এই দুজন খেলার জন্য এখনও প্রস্তুত নন বলে জানিয়েছেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা।
অনিশ্চয়তা ছিল আগে থেকেই, ম্যাচের একদিন আগে নিশ্চিত করে দিলেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা। চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠা আলেকসান্দের ইসাক ও কোডি হাকপোকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পাবেন না তারা।
ঘরের মাঠ অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে থাকা সিটির মুখোমুখি হবে লিভারপুল।
এবারের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে নেশন্স লিগ খেলতে ইসাক ও হাকপো দুজনই নিজ নিজ জাতীয় দলে যোগ দেন। প্রথম ম্যাচ খেলার পর ঊরুর চোটে ছিটকে যান সুইডিশ স্ট্রাইকার ইসাক। আর অ্যাঙ্কেলে চোট পাওয়ার আগে নেদারল্যান্ডসের হয়ে দুটি ম্যাচ খেলতে পারেন হাকপো। দুজনই আগেভাগে ক্লাবে ফিরে আসেন।
ইরাওলা শুক্রবার সংবাদ সম্মেলনে জানান, আক্রমণভাগের এই দুই খেলোয়াড় এখনও খেলার মতো অবস্থায় নেই।
“আলেকসান্দের ইসাক ও কোডি হাকপো এই ম্যাচে খেলবে না, তারা খেলার জন্য প্রস্তুত নয়।”
কারও চোটই গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। ক্লাব উভয় খেলোয়াড়ের শারীরিক অবস্থার ওপর প্রতিদিন নজর রাখছে।
প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে সিটি। অন্যদিকে, লিভারপুল দুটি জয় ও তিনটি ড্রয়ে সিটির চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ষষ্ঠ স্থানে আছে।
দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার কারণে রোববারের লড়াইটি এমনিতেই আকর্ষণীয় হওয়ার কথা। তবে অ্যানফিল্ডে বাড়তি নজর থাকবে আরেক কারণে, প্রিমিয়ার লিগের আর্থিক বিধিমালা লঙ্ঘনের দায়ে একটি স্বাধীন কমিশন ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করার পর এই প্রথম ৱমাঠে নামছে ক্লাবটি।
ম্যানচেস্টার সিটি অবশ্য কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে এবং আপিল করেছে।
