০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিটি ম্যাচে ইসাক ও হাকপোকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় লিভারপুল

লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা জানিয়েছেন, এখনও সেরে ওঠেননি দলের এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

সিটি ম্যাচে ইসাক ও হাকপোকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় লিভারপুল

আলেকসান্দের ইসাক (বাঁয়ে) ও কোডি হাকপো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 05:17 PM

Updated : 08 Oct 2026, 05:16 PM

চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি আলেকসান্দের ইসাক ও কোডি হাকপো। ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ এই দুই খেলোয়াড়কে পাওয়া নিয়ে সংশয়ে আছেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা।

আগামী রোববার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিগ টেবিলে শীর্ষে থাকা সিটির মুখোমুখি হবে লিভারপুল।

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে স্বাধীন কমিশনের থেকে দোষী সাব্যস্ত হওয়ার পর, এটাই সিটির প্রথম ম্যাচ। আর লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর, ইরাওলার জন্যও এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ।

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে নেশন্স লিগ খেলতে ইসাক ও হাকপো দুই জনই নিজ নিজ জাতীয় দলে যোগ দেন। প্রথম ম্যাচ খেলার পর ঊরুর চোটে ছিটকে যান সুইডিশ স্ট্রাইকার ইসাক। আর অ্যাঙ্কেলে চোট পাওয়ার আগে নেদারল্যান্ডসের হয়ে দুটি ম্যাচ খেলতে পারেন হাকপো।

চোট নিয়ে দুজনই আগেভাগে ক্লাবে ফিরে আসেন। ইরাওলা বিন স্পোর্টসকে জানালেন, এখনও সেরে ওঠেননি ইসাক ও হাকপো। তাই সিটির বিপক্ষে তাদের পাওয়ার খুব একটা সম্ভাবনা দেখেন না তিনি।

“আমার মনে হয়, চোটের কারণে আলেকসান্দের ইসাক ও কোডি হাকপোকে জাতীয় দল ছাড়তে হয়েছিল। এখন দেখার বিষয়, পরের ম্যাচে আমাদের সহায়তা করার জন্য সময়মতো তারা সেরে উঠতে পারে কি না। তবে এই মুহূর্তে দুজনই চোটাক্রান্ত।”

লিগে পাঁচ ম্যাচের সবগুলো জিতেছে সিটি। আর এখনও কোনো ম্যাচ না হারা লিভারপুল আছে ষষ্ঠ স্থানে। পাঁচ ম্যাচে দুটি জয় ও তিনটি ড্র করেছে তারা।