আর্জেন্টিনার বিপক্ষে কার্ডের ‘ভয়ে ছিল’ পোল্যান্ড
ফেয়ার প্লে পয়েন্টে মেক্সিকোর চেয়ে এগিয়ে থাকার ব্যাপারে সাবধান থাকার কথা বললেন পোল্যান্ড কোচ চেসলাভ মিকনিয়েভিচ।
দুই মাঠে চলছিল দুই ম্যাচ। অনেকটা সময় স্কোরলাইনের যে চেহারা ছিল, তাতে দারণ জমে উঠেছিল ‘সি’ গ্রুপ থেকে শেষ ষোলোয় যাওয়ার লড়াই। মেক্সিকোর সঙ্গে পোল্যান্ডের পার্থক্য টানা যাচ্ছিল কেবল ফেয়ার প্লে পয়েন্টে! এমন কিছু হতে পারে ভেবে আগে থেকেই সাবধান ছিলেন বলে জানালেন পোলিশ কোচ চেসলাভ মিকনিয়েভিচ। বললেন, কোনোভাবেই হলুদ কার্ড দেখা যাবে না, দলের প্রতি এই ছিল বার্তা।
স্টেডিয়াম ৯৭৪-এ এক পর্যায়ে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিল পোল্যান্ড। অন্য ম্যাচে লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল মেক্সিকো।
সেই সময়ে গ্রুপ সেরার সম্ভাবনায় ছিল আর্জেন্টিনা। শেষ পর্যন্তও হয়েছে তাই। ৪ পয়েন্ট নিয়ে পরের জায়গাটির লড়াইয়ে ছিল পোল্যান্ড ও মেক্সিকো। দুই দলের গোল পার্থক্য ছিল তখন সমান। গ্রুপে গোল করার হিসাবেও ছিল সমান। নিজেদের মধ্যে ম্যাচ ছিল গোলশূন্য ড্র।
আলাদা করা যাচ্ছিল ফেয়ার প্লে পয়েন্ট দিয়ে। যেটা হিসাব করা হয় খেলোয়াড়দের হলুদ কার্ড ও লাল কার্ডের সংখ্যা দিয়ে। কার্ড বেশি দেখায় পিছিয়ে ছিল মেক্সিকো। রুদ্ধশ্বাস এক সময় ছিল তখন দল দুটির জন্য।
ম্যাচ শেষে পোলিশ কোচ মিকনিয়েভিচ বললেন, ফেয়ার প্লের পয়েন্ট শুরু থেকেই তাদের মাথায় ছিল।
“প্লেয়ারদের বলিনি, বল থেকে পা সরিয়ে নিতে। তাদেরকে বলেছি, বোকার মতো যেন হলুদ কার্ড না দেখে।”
“আমরা ভয়ে ছিলাম যে, খেলোয়াড়দের মধ্যে কেউ কিংবা কোচদের কেউ যদি হলুদ কার্ড দেখে, তাহলে আমার হয়তো সামনে যেতে পারব না। আমি এটাও বলেছি যে, আমরা প্রতিপক্ষকে উসকে দেব না, তাদের জার্সি ধরে টানব না, রেফারির সঙ্গে তর্ক করব না।”
ম্যাচের শেষ দিকে মেক্সিকোর জালে বল পাঠায় সৌদি আরব। তাতে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে কনকাকাফ অঞ্চলের দেশটি।
আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে হেরেও দ্বিতীয় রাউন্ডে যায় পোল্যান্ড। সৌদি আরবের বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে ২-১ ব্যবধানে জিতলেও গোল পার্থক্যে পিছিয়ে থেকে বিদায় নেয় মেক্সিকো।
৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে যায় আর্জেন্টিনা।
বিশ্বকাপে এ পর্যন্ত একবারই ফেয়ার প্লেতে দুই দলের মধ্যে সেরা নির্বাচন করা হয়েছে। ২০১৮ আসরে জাপান ও সেনেগাল নিজেদের গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে ছিল দ্বিতীয় স্থানে। দুই দলের গোল পার্থক্য ছিল শূন্য, গোলও করে তারা সমান চারটি করে। পরে ফেয়ার প্লে পয়েন্টে সেনেগালকে ছাড়িয়ে পরের ধাপে যায় জাপান।
আগামী রোববার নকআউট পর্বে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড।
