২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্জেন্টিনা কিংবা মেক্সিকো, কেউই ফেভারিট নয়'

পোল্যান্ড কোচ পাওলো সোসার মতে, তাদের গ্রুপে সব দলই সমানে সমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2022, 12:41 AM

Updated : 22 Nov 2022, 12:41 AM

আর্জেন্টিনা তো বটেই, শক্তির বিচারে এবং অভিজ্ঞতার দিক থেকে পোল্যান্ডের চেয়ে মেক্সিকোও অনেকটা এগিয়ে। লিওনেল মেসির দলকে তো ধরা হচ্ছে শিরোপার দাবিদার হিসেবে। শেষ ষোলোয় যেতে হলে পোলিশদের তাই পারি দিতে হবে কঠিন পথ। দলটির কোচ পাওলো সোসা অবশ্য কোনো ফেভারিট তত্ত্ব মানতে রাজি নন। তার মতে, তাদের গ্রুপে কেউই নিরঙ্কুশ সেরা দল নয়। 

‘সি’ গ্রুপে পোল্যান্ড মঙ্গলবার তাদের প্রথম ম্যাচ খেলবে মেক্সিকোর বিপক্ষে। এই গ্রুপের আরেক দল সৌদি আরব।

এবার দিয়ে ৯ বার বিশ্ব সেরার মঞ্চে খেলছে পোল্যান্ড। ১৯৮৬ আসরের পর তারা আর গ্রুপ পর্বের বৈতরণী পার করতে পারেনি। বিপরীতে, ১৯৭৮ বিশ্বকাপের পর বৈশ্বিক আসরে কখনোই শেষ ষোলোর আগে বিদায় নেয়নি মেক্সিকো। 

এবারের আসরে পোল্যাান্ডের যাত্রা কেমন হবে, তা অনেকটাই নির্ভর করবে প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্সের ওপর। 

দুই দলের লড়াইয়ে কনকাকাফ অঞ্চলের দেশটি ফেভারিট কি-না, এই প্রশ্নের জবাবে সোমবার সংবাদ সম্মেলনে সোসা বলেন, তার কাছে গ্রুপের সব দলই সমানে সমান। 

“আমরা মেক্সিকোকে এভাবে (ফেভারিট) দেখি না। আমি আমাদের (দুই দলের) মধ্যে, সৌদি আরব বা আর্জেন্টিনার সঙ্গেও নিজেদের এমন পার্থক্য দেখি না।”

“আমরা সবাই বিশ্বকাপে আছি, আমরা গ্রুপে নিজেদেরকে প্রতিপক্ষের মতোই গুরুত্বপূর্ণ মনে করি। আমরা তাদেরকে এগিয়ে রাখছি না।” 

সোসার বিশ্বাস, শেষ ষোলোয় জায়গা করে নেবে তার দল। 

“আমি মনে করি যে আমরা গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে পারি.. আমরা গ্রুপ পর্ব থেকেই বাড়ি ফিরে যাওয়া প্রথম ১৬টি দলের মধ্যে থাকতে চাই না।” 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ড সবশেষ জয় পেয়েছিল ১৯৭৪ সালে। সেবার আর্জেন্টিনাকে তারা হারিয়েছিল ৩-২ গোলে। পরে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আসরে তৃতীয় হয়েছিল পোলিশরা, সেটাই বিশ্বকাপে তাদের সেরা সাফল্য। ১৯৮২ আসরেও তৃতীয় হয়েছিল তারা।