২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে গোল্ডেন বুট এমবাপের

৮ গোল করে লিওনেল মেসিকে পেছনে ফেলে এবারের আসরের সর্বোচ্চ গোলস্কোরার এই ফরাসি ফরোয়ার্ড।

কাতারে গোল্ডেন বুট এমবাপের

কিলিয়ান এমবাপে 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2022, 02:31 AM

Updated : 19 Dec 2022, 02:37 AM

ফাইনালে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে দুজনই নেমেছিলেন গোল্ডেন বুটের লড়াইয়ে যৌথভাবে শীর্ষে থেকে। এক পর্যায়ে ফরাসি তারকাকে ছাড়িয়েও গিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। কিন্তু দারুণ এক হ্যাটট্রিকে পিএসজি সতীর্থকে পেছনে ফেলে শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন এমবাপেই। 

লুসাইল স্টেডিয়ামে ফাইনালে এমবাপের দারুণ নৈপুণ্যে নির্ধারিত সময়ে ২-২ ও অতিরিক্ত সময়ে ৩-৩ সমতা টানে ফ্রান্স। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে শেষ হাসি হাসে আর্জেন্টিনা। 

এতে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার সুযোগ হারালেও আসরে সর্বোচ্চ ৮ গোল করে আসর রাঙিয়ে রেখেছেন ২৩ বছর বয়সী এমবাপে। জিতেছেন এই বিশ্বকাপের গোল্ডেন বুট। 

গ্রুপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোল করেন এমবাপে। এরপর ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের ২-১ গোলে জয়ের ম্যাচে করেন জোড়া গোল। এক ম্যাচ বিরতির পর শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে দুই বার জালের দেখা পান পিএসজি তারকা। কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে গোলহীন থাকার পর ফাইনালে গোল করলেন তিন বার। 

বিশ্বকাপে ১৯৮২ সাল থেকে আসরের সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন শু দেওয়া শুরু হয়েছিল। ২০১০ সালে এই পুরস্কারের নাম বদলে দাঁড়ায় গোল্ডেন বুট। 

১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড গড়েন ফ্রান্সের জুস্ত ফঁতেন। তার বাইরে এক আসরে ১০ বা এর বেশি গোল করেন কেবল হাঙ্গেরির সান্দর কোচিশ ও জার্মানির জার্ড মুলার।

আসর সর্বোচ্চ গোলদাতা গোল সংখ্যা
১৯৩০ সাল গিয়েরমো স্তাবিলে (আজেন্টিনা) ৮টি
১৯৩৪ সাল অলদ্রিখ নেয়েদলি (চেকোস্লোভাকিয়া) ৫টি
১৯৩৮ সাল লিওনিদাস ৭টি
১৯৫০ সাল লিওনিদাস (ব্রাজিল) ৮টি
১৯৫৪ সাল সান্দর কোচিশ (হাঙ্গেরি) ১১টি
১৯৫৮ সাল জুস্ত ফঁতেন (ফ্রান্স) ১৩টি
১৯৬২ সাল ফ্লোরিয়ান আলবের্ত (হাঙ্গেরি), গারিঞ্চা (ব্রাজিল), ভালেন্তিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), দ্রাজান জেরকোভিচ (যুগোস্লোভিয়া), লিওনেল সানচেস (চিলি), ভাভা (ব্রাজিল) ৪টি
১৯৬৬ সাল ইউজেবিও (পর্তুগাল) ৯টি
১৯৭০ সাল জার্ড মুলার (জার্মানি) ১০টি
১৯৭৪ সাল জেগ্রোস লাটো (পোল্যান্ড) ৭টি
১৯৭৮ সাল মারিও কেম্পেস (আর্জেন্টিনা) ৬টি
১৯৮২ সাল পাওলো রস্সি (ইতালি) ৬টি
১৯৮৬ সাল গ্যারি লিনেকার (ইংল্যান্ড) ৬টি
১৯৯০ সাল সালভাতোর স্কিল্লাচি (ইতালি) ৬টি
১৯৯৪ সাল ওলেগ সালেনকো (রাশিয়া) খ্রিস্তো স্ত্রইচকফ (বুলগেরিয়া) ৬টি
১৯৯৮ সাল দাভোর সুকের (ক্রোয়েশিয়া) ৬টি
২০০২ সাল রোনালদো (ব্রাজিল) ৮টি
২০০৬ সাল মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) ৫টি
২০১০ সাল টমাস মুলার (জার্মানি) ৫টি
২০১৪ সাল হামেস রদ্রিগেস (কলম্বিয়া) ৫টি
২০১৮ সাল হ্যারি কেইন (ইংল্যান্ড) ৫টি
২০২২ সাল কিলিয়ান এমবাপে (ফ্রান্স) ৮টি