২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবচেয়ে বড় স্বপ্ন শেষ হয়ে গেছে’

পর্তুগালকে বিশ্বজাপ জেতাতে না পেরে হতাশ ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 12:06 AM

Updated : 21 Dec 2022, 05:52 PM

অর্জনে ভরপুর ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলগত সাফল্য পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। তবে এই ফরোয়ার্ডের চাওয়া ছিল আরও বড়- বিশ্বকাপ জয়। কাতার আসর থেকে আগেভাগে বিদায় নেওয়ায় তার সে লক্ষ্য পূরণ হলো না। বিশ্ব সেরার মঞ্চ থেকে আরও একবার খালি হাতে ফিরে হতাশা ঝরে পড়ল ফুটবলের এই মহাতারকার কণ্ঠে। বললেন, বিশ্বকাপ জেতাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন।

৩৭ বছর বয়সী রোনালদো ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন কি-না, সেই ব্যাপারে খোলাসা করে কিছু বলেননি। তবে খেলায় যেভাবে বয়সের ছাপ পড়েছে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের, তাতে বিশ্ব সেরার মঞ্চে তাকে আর না দেখার সম্ভবনাই বেশি।

সেটি হলে বিশ্বকাপে রোনালদোর শেষটা হয়ে থাকবে একরাশ হতাশার। অনেক প্রত্যাশা নিয়ে কাতারে খেলতে আসা পর্তুগালের পথচলা শনিবার কোয়ার্টার-ফাইনালে থামিয়ে দিয়েছে মরক্কো।

১-০ গোলে দলের হার নিশ্চিত হওয়ার পর মাঠে কেঁদে ফেলেন রোনালদো। টানেলেও তাকে দেখা যায় অশ্রুসিক্ত চোখে। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ বলেই হয়তো সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের চোখেমুখে ফুটে উঠছিল রাজ্যের হতাশা।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এই বিশ্বকাপ রোনালদোর জন্য ছিল ভুলে যাওয়ার মতো। পারফরম্যান্সে ভাটার টান পড়লেও নামটা যখন রোনালদো, তখন সম্ভব তো অনেক কিছুই। প্রথম তিন ম্যাচে একটি গোল করা রোনালদো মুদ্রার উল্টো পিঠ দেখেন শেষ ষোলোয়। সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে জায়গা হারান পর্তুগাল অধিনায়ক।

এরপর ছড়াতে থাকে নানা গুঞ্জন। এমনও খবর আসে যে, রোনালদো নাকি দল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন। পরে তিনি নিজে ও কোচ ফের্নান্দো সান্তোস জানান, বিষয়টি সত্য নয়।

এরপর মরক্কোর বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে জায়গা পাননি রোনালদো। ৫১তম মিনিটে বদলি নেমে চেষ্টা করেছিলেন দলের আশা বাঁচিয়ে রাখতে, কিন্তু পারেননি। চোখের জলেই তাই সময়ের সেরা ফুটবলারদের একজনকে বিদায় নিতে হয় বিশ্বকাপ থেকে।

পরদিন ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে রোনালদো বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। লিখেছেন, পর্তুগালকে বিশ্ব সেরা হিসেবে দেখাই ছিল তার একমাত্র লক্ষ্য।

“পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন। সৌভাগ্যবশত আমি অনেক শিরোপা জিতেছি, পর্তুগালের হয়েও। কিন্তু আমাদের দেশের নাম বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে রাখাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন।”

“এজন্য লড়াই করেছি। এই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করেছি। ১৬ বছরেরও বেশি সময় ধরে পাঁচটি বিশ্বকাপে গোল করেছি, সবসময় সেরা খেলোয়াড়দের পাশে থেকে এবং লাখ লাখ পর্তুগিজদের সমর্থন নিয়ে আমি আমার সবটুকু ঢেলে দিয়েছি, সবটুকু নিঙরে দিয়েছি মাঠে। আমি কখনই লড়াই থেকে মুখ ফিরিয়ে নিইনি এবং আমি কখনই সেই স্বপ্নের হাল ছাড়িনি।”

নিবেদনের ক্ষেত্রে কখনই আপোষ করেননি বলে উল্লেখ করেছেন রোনালদো।

“দুঃখজনকভাবে গতকাল (শুক্রবার) স্বপ্ন শেষ হয়ে গেছে। মুহূর্তের উত্তেজনায় প্রতিক্রিয়া জানানো ঠিক নয়। আমি শুধু সবাইকে বলতে চাই যে, (আমাকে নিয়ে) অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক গুঞ্জনও ছড়ানো হয়েছে, কিন্তু পর্তুগালের প্রতি আমার নিবেদন এক মুহূর্তের জন্যও পরিবর্তন হয়নি। আমি সবসময় সবার লক্ষ্যের জন্য একই লড়াইয়ে ছিলাম এবং আমি কখনই আমার সতীর্থের ও আমার দেশের থেকে মুখ ফিরিয়ে নেব না।”

আপাতত কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নেই রোনালদোর। বিশ্বকাপ শুরুর আগে বিতর্কিত এক সাক্ষাৎকারের প্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয় ইউনাইটেড।